আলোচনায় আমানতের সুদহার

এর আগে সর্বশেষ ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে এ সভা হয়েছিল। করোনার আগে প্রতি তিন মাস পরপর এ সভা হতো।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে আজ বাংলাদেশ ব্যাংকের সভা অনুষ্ঠিত হবে, যা ব্যাংকার্স সভা নামে পরিচিত। এবারের সভাটি অনুষ্ঠিত হবে অনলাইনে। এর আগে সর্বশেষ ২৭ জানুয়ারি এই সভা হয়েছিল। করোনার আগে প্রতি তিন মাস পরপর এ সভা হতো।

আজ বুধবারের ব্যাংকার্স সভার আলোচ্যসূচিতে রয়েছে—চলতি অর্থবছরের মুদ্রানীতি, ল্যাপটপ-মোবাইল-কম্পিউটার কিনতে ঋণের শর্ত শিথিল, দ্বিতীয় দফায় শিল্প ও সেবা খাতের জন্য ৩৩ হাজার কোটি টাকা ঋণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য ২০ হাজার কোটি টাকা ঋণ, নতুন উদ্যোক্তা তৈরিতে স্টার্ট আপ তহবিল গঠন, প্রি-শিপমেন্ট ক্রেডিটের সর্বোচ্চ ব্যবহার, করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অর্থ পৌঁছানো।

তবে ব্যাংকাররা জানিয়েছেন, আজকের সভায় মূল আলোচনা হবে আমানতের বেঁধে দেওয়া সুদহার নিয়ে। কারণ, বাংলাদেশ ব্যাংক গত রোববার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে আমানতের সুদহার বেঁধে দিয়েছে।

এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের তিন মাস বা তার বেশি মেয়াদি আমানতের সুদহার তিন মাসের গড় মূল্যস্ফীতির চেয়ে কম হতে
পারবে না। গত তিন মাসে (এপ্রিল-জুন) দেশে মূল্যস্ফীতির গড় ছিল ৫ দশমিক ৪৯ শতাংশ। সর্বশেষ তিন মাসের এ গড়কে বিবেচনায় নিলে দেশের বেসরকারি খাতের ১৭ ব্যাংককে আমানতের সুদ বাড়িয়ে সাড়ে ৫ শতাংশ করতে হবে। তবে সব ধরনের আমানতে বেঁধে দেওয়া এ সুদহার কার্যকর হবে না।

কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট করে দিয়েছে, ব্যক্তিপর্যায়ের মেয়াদি আমানত এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড বা তহবিল হিসেবে রাখা মেয়াদি আমানতে এই সুবিধা মিলবে। এর বাইরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যেসব আমানত ব্যাংকে থাকে সেগুলোর বিপরীতে বাড়তি সুদ মিলবে না।
এরপরও ব্যাংকের শীর্ষ নির্বাহীরা সুদহার বেঁধে দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন। মুনাফা কমে যাওয়ার আশঙ্কায় ব্যাংকারদের এই আপত্তি। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সাধারণ আমানতকারীদের ঠকিয়ে মুনাফা করার সুযোগ নেই। অনেক আমানতকারী মাত্র ২ শতাংশ সুদ পাচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য না।