কেন্দ্রীয় ব্যাংকিং বলতে যা বোঝায়, আল্লাহ মালিক কাজেমী ছিলেন ঠিক তার আদর্শ ব্যক্তিরূপ। নীরবে নিভৃতে তিনি কাজ করে গেছেন।
‘নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জনপ্রিয় হয় না, সম্মানিত হয়। বাংলাদেশ ব্যাংককে যদি একটা প্রতিষ্ঠান না ভেবে মানুষ রূপে ব্যাখ্যা করা হয়, তাহলে ব্যাংকটির চরিত্র যা হতো, কাজেমী স্যার তা-ই ছিলেন। তিনি অভিজ্ঞতা থেকে আমাদের উপদেশ দিতেন। কিন্তু তিনি শুধু উপদেশ দিতেন না, উদাহরণও তৈরি করতেন।’
বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এমন মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ। গতকাল সোমবার রাতে অনলাইন প্ল্যাটফর্মে এ স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে ফয়সাল আহমেদ বলেন, চেষ্টা করতে হবে কাজেমী স্যারের আদর্শ ও মেধা যেন কখনো বাংলাদেশ ব্যাংককে ছেড়ে না যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ফজলে কবির বলেন, ‘পুরো ব্যাংকিং খাতে আল্লাহ মালিক কাজেমী একজন কিংবদন্তিতুল্য মানুষ। যখন যার সাহায্য লাগত, ওনার কাছে আসত। কারণ, ওনার মতো জ্ঞান কারোরই ছিল না। আমরা তাঁকে ফাইন্যান্সিয়াল উইজার্ড (অর্থনীতির জাদুকর) বলতে পারি। ওনার সবাইকে সাহায্য করার মানসিকতা ছিল, যা তাঁকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসে।’
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে কাজ করার সময় আল্লাহ মালিক কাজেমীর খুব ঘনিষ্ঠ ছিলেন ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘কাজেমী স্যার ছিলেন এমন একজন মানুষ, যাঁর সবকিছু নিখুঁতভাবে (সুপারলেটিভে) তৈরি, কিন্তু তিনি তা স্বীকার করতে খুব অপছন্দ করতেন। কাজেমী নামের অর্থ হচ্ছে, যিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন। ১২ শতকের সুফিদের নাম হতো এটি। উনি তাঁর কাজ সেভাবেই দেখেছেন।’
স্মরণসভায় আলোচক হিসেবে আরও যুক্ত ছিলেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. আখতারুজ্জামান, সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান।