ঋণ পরিশোধে আবারও ছাড়
করোনাভাইরাসের নতুন ঢেউয়ের কারণে ঋণ পরিশোধে আবারও ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আপাতত ঋণের কিস্তির ২০ শতাংশ জমা দিয়েই নিয়মিত গ্রাহক থাকা যাবে। কেউ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ‘ঋণ শ্রেণিকরণ’ শিরোনামে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সম্প্রতি ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন ঋণ পরিশোধে ছাড় দেওয়ার দাবি জানায়। এরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে বলা হয়েছিল, চলমান, তলবি ও মেয়াদি প্রকৃতির ঋণ-বিনিয়োগে পরিশোধে বা সমন্বয়ের ক্ষেত্রে চলতি বছরের মার্চ মাসের কিস্তি ৩০ জুনের মধ্যে পরিশোধে বা সমন্বয় করলে ওই ঋণ বিরূপ মানে শ্রেণিকরণ করা যাবে না।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জুন মাসের ঋণের কিস্তির ন্যূনতম ২০ শতাংশ ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ বছর ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ বিরূপ মানে শ্রেণিকরণ করা যাবে না। অর্থাৎ ঋণের কিস্তি জুনে ১০০ টাকা হলে ২০ টাকা পরিশোধ করলেই নিয়মিত গ্রাহক হয়ে যাবে।
জুন মাসের কিস্তির বকেয়া টাকা নির্দেশনা অনুযায়ী সর্বশেষ কিস্তির সঙ্গে দিতে হবে। এ ছাড়া অন্যান্য কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।