কাদির মোল্লা সাউথ বাংলা ব্যাংকের নতুন চেয়ারম্যান
শিল্পপতি আবদুল কাদির মোল্লা সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার তিনি ব্যাংকের ১২৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা পরিচালক।
ব্যবসায়ী আবদুল কাদির মোল্লা পোশাক ও বস্ত্র খাতের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। শতভাগ রপ্তানিমুখী এই বৃহৎ শিল্প গ্রুপে থার্মেক্স টেক্সটাইল মিলস, থার্মেক্স স্পিনিং, থার্মেক্স নিট ইয়ার্ন, থার্মেক্স ইয়ার্ন ডাইং, থার্মেক্স ওভেন ডাইং, আদুরি অ্যাপারেলস, আদুরি নিট কম্পোজিটসহ আন্তর্জাতিক মানসম্মত ১৬টি সহযোগী প্রতিষ্ঠান আছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল কাদির মোল্লা একজন সিআইপি (রপ্তানি)। জাতীয় রাজস্ব বোর্ডের ‘কর বাহাদুর’ সম্মাননা পেয়েছেন তিনি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি মজিদ মোল্লা ফাউন্ডেশনের অধীনে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, এন কে এম হাইস্কুল অ্যান্ড হোমস, আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল ও পাঁচকান্দি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন।