কিস্তির ৫০% দিলেই খেলাপি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পরিশোধে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চলতি বছরে কিস্তির ৫০ শতাংশ দিলেই কেউ খেলাপি হবেন না। আর্থিক প্রতিষ্ঠানগুলো এ জন্য গ্রাহকদের বাড়তি কোনো সুদ বা জরিমানা আদায় করতে পারবে না।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে, প্রকৃত সুদ আদায় না হলে তা ব্যাংকের আয় হিসাবে দেখানো যাবে না। এর ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মুনাফায় নেতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গতকাল এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় ঋণ পরিশোধে ছাড় দেওয়া হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের কারণে চলমান সংকটে যেসব গ্রাহক ঋণ পরিশোধে সমস্যায় পড়েছেন, তাঁদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের কিস্তির অর্ধেক টাকা দিলেও কেউ খেলাপি হবেন না। ইতিমধ্যে যেসব কিস্তি আদায় হয়েছে, তা-ও অর্ধেক টাকার মধ্যে গণনা করা যাবে। এর ফলে চলতি বছরে কিস্তির অর্ধেক টাকা দেওয়ার পর যেসব টাকা বকেয়া থাকবে, তা আগামী বছরের মধ্যে শোধ করতে হবে। আগামী বছরে নিয়মিত কিস্তিও যথাসময়ে দিতে হবে। এই সময়ের বকেয়া টাকার ওপর কোনোরূপ অতিরিক্ত সুদ, চার্জ বা দণ্ডসুদ আদায় করা যাবে না।