ক্রেডিট কার্ড চালুর আগে মাশুল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেডিট কার্ড চালুর আগে এখন থেকে কোনো ধরনের মাশুল আদায় করা যাবে না। এরই মধ্যে লেনদেনবহির্ভূত মাশুলের কারণে যেসব গ্রাহককে খেলাপি হিসেবে নথিভুক্ত করা হয়েছে, তাঁদেরও শ্রেণিমান সংশোধন করতে হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে। এত দিন কিছু ব্যাংক ক্রেডিট কার্ড চালুর আগেই লেনদেনবহির্ভূত মাশুল আরোপ করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল এ নির্দেশনা জারি করা হয়।

এর আগে ২০২০ সালের অক্টোবরে ক্রেডিট কার্ডের সুদহার সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপরও ব্যাংকগুলো বিভিন্নভাবে গ্রাহকের কাছ থেকে নানা ধরনের মাশুল আদায় করছিল। সেটি যাতে না করা হয়, সে জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ক্রেডিট কার্ড ইস্যুর পর কার্ড সক্রিয় হওয়ার আগেই ব্যাংকগুলো বিভিন্ন ধরনের মাশুল (বার্ষিক, সিআইবি, এসএমএস মাশুল) আরোপ এবং ওই মাশুল অনাদায়ে গ্রাহককে বিরূপ মানে শ্রেণীকরণ করছে। যার ফলে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ক্রেডিট কার্ড সক্রিয় হওয়ার আগে গ্রাহকের কাছ থেকে কোনো ধরনের নন-ট্রানজেকশনাল বা লেনদেনবহির্ভূত মাশুল আদায় করা যাবে না। গ্রাহকের সম্মতি নিয়ে ক্রেডিট কার্ড সক্রিয় হওয়ার পর এ ধরনের মাশুল আরোপ করা যাবে। তবে সক্রিয় ক্রেডিট কার্ডে গ্রাহকের লেনদেনসংক্রান্ত (কেনাকাটা, নগদ উত্তোলন বা অন্য কোনো ধরনের মার্চেন্ট লেনদেনে) কোনো দায় না থাকলে অপরিশোধিত বা বিলম্বে পরিশোধের কারণে লেনদেনবহির্ভূত মাশুলের ওপর কোনো ধরনের বাড়তি জরিমানা আরোপ করা যাবে না।

লেনদেনবহির্ভূত মাশুলের ওপর কোনো অবস্থাতেই সুদ বা মুনাফা আরোপ করা যাবে না। এ ধরনের মাশুল অনাদায়ি থাকলে তার জন্য গ্রাহককে খেলাপি করা যাবে না। তবে ক্রেডিট কার্ডে গ্রাহকের লেনদেনসংক্রান্ত দায় যথাসময়ে পরিশোধ না হলে ঋণ শ্রেণীকরণ ও নিরাপত্তা সঞ্চিতিবিষয়ক নীতিমালা অনুসরণ করে গ্রাহককে খেলাপি করা যাবে। ক্রেডিট কার্ডের বিল সম্পূর্ণ বা আংশিকভাবে আদায় হলে লেনদেনবহির্ভূত মাশুল সমন্বয়ের পরে গ্রাহকের লেনদেনসংক্রান্ত দায় সমন্বয় করা যাবে।

নীতিমালা জারির আগে লেনদেনবহির্ভূত মাশুল শোধ না করার কারণে যাঁদের খেলাপি করা হয়েছে, তাঁদের শ্রেণিমান সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।