করোনাভাইরাসের কারণে ব্যাংকের ঋণ আদায় না হলেও ঋণগ্রহীতা গ্রাহক খেলাপি হচ্ছে না। ঋণ ও সুদ আদায় কমে যাওয়ার ফলে আয় কমে গেছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের। ফলে বাড়ছে লোকসানি শাখা। পাশাপাশি খেলাপি গ্রাহকদের থেকেও ঋণ আদায়ে তৎপরতা কমিয়ে দিয়েছে ব্যাংক চারটি। এ অবস্থায় এসব ব্যাংককে খেলাপি ঋণ আদায়ে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চার ব্যাংকের এক সভায় গতকাল বৃহস্পতিবার এ নির্দেশনা দেওয়া হয়। ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা স্মারক চুক্তির আওতায় ছয় মাস পরপর এই সভা অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে গতকাল অনুষ্ঠিত সভায় চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তাসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি বছরে সোনালী ব্যাংক ২৫০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্য ঠিক করেছিল, তবে জুন পর্যন্ত আদায় হয়েছে মাত্র ৫ কোটি টাকা। জনতা ব্যাংক ১ হাজার কোটি টাকা লক্ষ্যের বিপরীতে আদায় করেছে আড়াই কোটি টাকা।
জানা যায়, চলতি বছরে সোনালী ব্যাংক ২৫০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্য ঠিক করেছিল, তবে জুন পর্যন্ত আদায় হয়েছে মাত্র ৫ কোটি টাকা। জনতা ব্যাংক ১ হাজার কোটি টাকা লক্ষ্যের বিপরীতে আদায় করেছে আড়াই কোটি টাকা। অগ্রণী ব্যাংক ২০০ কোটি টাকা আদায়ের বিপরীতে আদায় করেছে সাড়ে ৬ কোটি টাকা ও রূপালী ব্যাংক ৩৫০ কোটি টাকার বিপরীতে আদায় করেছে দেড় কোটি টাকা। এদিকে সোনালীর লোকসানি শাখা বেড়ে হয়েছে ৫০, জনতার ৭৯, অগ্রণীর ৭৮ ও রূপালীর ১৬টি।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বৈঠকে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।