ছোট উদ্যোক্তারা ৪% সুদে ঋণ পাবেন
করোনাভাইরাসে কারণে যেসব কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের জন্য ২ হাজার ৫২০ কোটি টাকার নতুন তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা। এর অর্থ জোগান দিচ্ছে উন্নয়ন সংস্থা এশীয় অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।
এ তহবিলের নাম দেওয়া হয়েছে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি)’। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এ তহবিল বাস্তবায়ন করবে। গতকাল বুধবার এ তহবিল বরাদ্দের নীতিমালা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
নীতিমালা অনুযায়ী, এ তহবিলের মেয়াদ হবে তিন বছর। সুদের হার ৪ শতাংশ। গত এক বছরের বেশি সময়ের যেসব ছোট ও মাঝারি উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ঘুরে দাঁড়াতে এ তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে।
নীতিমালায় বলা হয়, সরকার সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে, সেটাকে অনুসরণ করেই নতুন এ প্যাকেজ বাস্তবায়ন করা হবে।
গত মাসে এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে ২০ হাজার কোটি টাকার মধ্যে ১৪ হাজার ৬৫৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এতে প্রত্যক্ষ সুবিধাভোগী হলেন ৯৫ হাজার ৭৩৩ জন গ্রাহক।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩০৩ কোটি টাকা প্রণোদনা তহবিল ঘোষণা করেছে। এর মধ্যে ৯টি তহবিলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক সরাসরি সম্পৃক্ত। তবে মোট ১২টি তহবিল বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক, যার আকার প্রায় এক লাখ কোটি টাকা। এর মধ্যে ৮৩ হাজার ৫৩ কোটি টাকার তহবিল ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার মোট প্যাকেজের ৮৩ শতাংশ।