জনতা ব্যাংকে আমানতের চাপ

এক বছরের ব্যবধানে ব্যাংকটির আমানত বেড়েছে প্রায় ১৮ হাজার ৭৩৪ কোটি টাকা।

  • গত বছর শেষে ব্যাংকটির মোট আমানত দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ১৩৪ কোটি টাকা।

  • ২০২১ সাল শেষে ব্যাংকটির ঋণ বেড়ে হয়েছে ৬৭ হাজার ৯৭৫ কোটি টাকা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়।

ঋণ দেওয়ার সীমা জানা থাকলেও অপরিকল্পিতভাবে আমানত বাড়িয়েছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক। এখন এ আমানতই হয়ে পড়েছে ব্যাংকটির বোঝা। কারণ, আমানতের বিপরীতে নিয়মিত সুদ দিতে হচ্ছে। আর তহবিলের ব্যবহার না থাকা ও ট্রেজারি ব্যবসায় সুদ কমে যাওয়ায় ব্যাংকটির খরচ অনেক বেড়ে গেছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে সুদ আয়ে ব্যাংকটিকে ২০৪ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। তবে ডিসেম্বরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কারণ, কিছু বড় গ্রাহক এ সময়ে ঋণের কিস্তি পরিশোধ করে। ফলে বছর শেষে নিট বা প্রকৃত সুদ বাবদ ১৭৩ কোটি টাকা আয় করতে পেরেছে ব্যাংকটি। ঋণের সুদ আয় থেকে আমানতের সুদ পরিশোধের পর ব্যাংকের যে আয় থাকে, সেটিই প্রকৃত সুদ আয়।

জানা যায়, ২০২১ সাল শেষে জনতা ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ১৩৪ কোটি টাকা। এর মাধ্যমে ব্যাংকটি লাখ কোটি টাকার আমানতের ক্লাবে নাম লেখায়। ২০২০ সাল শেষে ব্যাংকটির আমানত ছিল ৮২ হাজার ৪০০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে প্রায় ১৮ হাজার ৭৩৪ কোটি টাকা। এ সময়ে ঋণ বেড়েছে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা। ২০২১ সাল শেষে ব্যাংকটির ঋণ বেড়ে হয়েছে ৬৭ হাজার ৯৭৫ কোটি টাকা, ২০২০ সাল শেষে যা ছিল ৬০ হাজার ৫৩২ কোটি টাকা।

জনতা ব্যাংক সূত্র জানায়, গত ডিসেম্বরে এস আলম গ্রুপ ২ হাজার ৩০০ কোটি টাকা ও বেক্সিমকো গ্রুপ ১ হাজার কোটি টাকা ঋণ শোধ করেছে। পাশাপাশি খেলাপি ঋণ পুনঃ তফসিলের জন্য থারমেক্স গ্রুপ ও অ্যাননটেক্স গ্রুপ ১০০ কোটি টাকা করে শোধ দিয়েছে, যা বছরের শেষ সময়ে ব্যাংকটিকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। এতে বছর শেষে কমেছে খেলাপি ঋণ, বেড়েছে ঋণ আদায়।

এদিকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির প্রায় ৭ হাজার ৯৭৩ কোটি টাকার ডিমান্ড ঋণ বৃদ্ধি পেয়েছে। এসব ঋণ সৃষ্টি হয়েছে মূলত গ্রাহকদের ঋণপত্রের দায় শোধ না করায়। গ্রাহকেরা ঋণপত্র খুলে পণ্য এনেছে, তা দিয়ে ব্যবসা করলেও ব্যাংকের দায় শোধ করেনি। এর ফলে ব্যাংকটির সমন্বিত ঋণ প্রবৃদ্ধি সীমা ছাড়িয়ে গেছে।

আমানতের যে প্রবৃদ্ধি, সেটি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ জন্য সুদ বাড়িয়ে আমানত সংগ্রহের আগ্রাসী কোনো উদ্যোগ ছিল না আমাদের।
আবদুছ ছালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক

এই কারণে ব্যাংকটি এখন সমন্বিত ঋণ প্রবৃদ্ধির সীমা বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে দাবি জানিয়েছে। পাশাপাশি খরচের সীমা বাড়ানোর জন্যও আবেদন করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংক সমন্বিত ঋণ প্রবৃদ্ধির সীমা বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে। আর খরচ বাড়ানোর জন্য ব্যাখ্যা চেয়েছে। আর্থিক পরিস্থিতি উত্তরণে সরকারি ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ ব্যাংক, যেখানে পুরো বছরের জন্য বিভিন্ন সূচকের সীমা ও লক্ষ্য বেঁধে দেওয়া হয়।

এ বিষয়ে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুছ ছালাম আজাদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন কারণে আমাদের ঋণ বেশি হয়ে গিয়েছিল। তবে ডিসেম্বরে দুটি গ্রুপ ৩ হাজার ৩০০ কোটি টাকা ঋণ শোধ করেছে। এর ফলে সমন্বিত ঋণ প্রবৃদ্ধি কমে এসেছে। আর আমানতের যে প্রবৃদ্ধি, সেটি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ জন্য সুদ বাড়িয়ে আমানত সংগ্রহের আগ্রাসী কোনো উদ্যোগ ছিল না আমাদের।’

আবদুছ ছালাম আজাদ আরও বলেন, ‘আমরা ঋণ আদায় জোরদার করেছি। বিশেষ করে বড় গ্রুপগুলোর কাছ থেকে। এর সুফলও পাচ্ছি। ফলে গত বছরে এক হাজার কোটি টাকার বেশি পরিচালন মুনাফা হয়েছে।’

ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, অ্যাননটেক্স ও ক্রিসেন্ট গ্রুপের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ আটকে গেছে। এর মধ্যে অ্যাননটেক্সের দুই হাজার কোটি টাকার ঋণ পুনঃ তফসিল হয়েছে। এই দুই গ্রুপের কারণে পুরো ব্যাংকটির কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়েছে। পুরোনো কিছু গ্রাহক ব্যাংক থেকে ঋণপত্রসহ অন্যান্য নন-ফান্ডেড সুবিধা পাচ্ছে। এ ছাড়া অন্য সরকারি ব্যাংকের সিন্ডিকেটে অংশ নিচ্ছে। এর বাইরে ট্রেজারি ব্যবসা করছে। তবে নতুন কোনো প্রকল্প নেই বললেই চলে। অথচ ১০ বছর আগে দেশের বেশির ভাগ শিল্পকারখানা গড়ে উঠেছিল জনতা ব্যাংকের অর্থায়নে।

সম্প্রতি জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ায় জনতার মূলধন দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৭ কোটি টাকায়। যদি ছাড় দেওয়া না হতো, তাহলে ব্যাংকটির প্রকৃত মূলধন দাঁড়াত ৩ হাজার ৫২৩ কোটি টাকা। আর মূলধন ঘাটতি দাঁড়াত ১০ হাজার ৬৫৫ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে আরও বলা হয়, গত বছরের মে মাসে ব্যাংকটিতে ১৪ হাজার ২০৬ কোটি টাকা উদ্বৃত্ত তারল্য থাকার পরও নতুন করে ১২ হাজার ২৩৫ কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে ব্যাংকটি। ফলে সেপ্টেম্বর শেষে উদ্বৃত্ত তারল্য বেড়ে হয়েছে ২১ হাজার ৩০৪ কোটি টাকা। করোনার মধ্যে খরচ কমিয়ে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ না করে উচ্চ হারে বৃদ্ধি করা হয়েছে, যা কাঙ্ক্ষিত নয় বলেও চিঠিতে মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক।