মুদ্রানীতি ঘোষণা
টাকার দাম বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ
মুদ্রানীতির চ্যালেঞ্জগুলো সম্পর্কে গভর্নর বলেন, মুদ্রানীতির মূল্য চ্যালেঞ্জ হবে টাকার মান ধরে রাখা, অর্থাৎ মূল্যস্ফীতি ও বিনিময় হার স্থিতিশীল রাখা।
সস্তা টাকার দিন শেষ হয়ে আসছে। টাকার দাম বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পথে হাঁটবে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি মার্জিন বাড়িয়ে আমদানিতে লাগাম দিয়ে ও আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বাড়িয়ে ডলারের ওপর চাপ কমাবে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। তা সত্ত্বেও নতুন অর্থবছরে কর্মসংস্থান বৃদ্ধিতে জিডিপি প্রবৃদ্ধির পালে হাওয়া লাগাতে প্রয়োজনীয় সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই কৌশল সামনে রেখে গতকাল ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি ঘোষণায় গভর্নর ফজলে কবির বলেন, ‘মুদ্রানীতির প্রধান লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রিজার্ভ ধরে রাখা। আর কর্মসংস্থানের জন্য আমরা জিডিপি প্রবৃদ্ধি চাই।’
মুদ্রানীতির চ্যালেঞ্জগুলো সম্পর্কে গভর্নর বলেন, মুদ্রানীতির মূল্য চ্যালেঞ্জ হবে টাকার মান ধরে রাখা, অর্থাৎ মূল্যস্ফীতি ও বিনিময় হার স্থিতিশীল রাখা। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখা। তবে এবার সতর্কতামূলক মুদ্রানীতির ভঙ্গি অনুসরণ করা হয়েছে, যা কিছুটা সংকোচনমুখী।
নতুন মুদ্রানীতিতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পুরো অর্থবছরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়ে ১৪ দশমিক ১০ শতাংশ করা হয়েছে, আগের মুদ্রানীতিতে যা ছিল ১৪ দশমিক ৮০ শতাংশ। আগামী ডিসেম্বর পর্যন্ত যার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার হিসেবে পরিচিত রেপো হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।
নীতি সুদহার বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে ব্যাংকগুলোকে এখন বেশি সুদ দিতে হবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজে দেবে। ডলার কিনতে ও ঋণের জন্য ব্যাংকগুলোতে অর্থের টান শুরু হয়েছে। ফলে সুদের হার আরও বাড়বে। তবে এখনই ঋণের ৯ শতাংশ সুদ ও আমানতের সুদের সীমা তুলে নিতে চাইছে না বাংলাদেশ ব্যাংক। কারণ, ব্যাংকঋণের গড় হার এখনো ৭ শতাংশ।
আর আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বাড়াতে নতুন পুনঃ অর্থায়ন স্কিম চালুর ঘোষণা দিয়েছেন গভর্নর। পাশাপাশি বিলাসজাতীয় দ্রব্য, বিদেশি ফল, অশস্য খাদ্যপণ্য, টিনজাত ও প্রক্রিয়াজাত পণ্যের আমদানি নিরুৎসাহিত করতে ৭৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মার্জিন আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এতে ডলারের ওপর চাপ কমবে, যার বদৌলতে সুরক্ষিত থাকবে রিজার্ভ ও মুদ্রার বিনিময় হার। শেয়ারবাজারের সার্বিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে বাংলাদেশ ব্যাংক আগের মতোই ভূমিকা রাখবে বলে জানিয়েছেন গভর্নর।
নতুন মুদ্রানীতিতে সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৩৬ দশমিক ১ শতাংশ। সরকার নতুন অর্থবছরে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ঋণের লক্ষ্য নির্ধারণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সব ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ ও নির্বাহী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। এ জন্য সুদহারের লাগাম তুলে দিতে হবে, আর ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিতে হবে।