ঢাকার পশুর হাট ও পোশাকশিল্প এলাকার ব্যাংক শুক্র–শনিবারও খোলা
পশুর হাটের লেনদেন নির্বিঘ্ন রাখতে ঢাকার পশুর হাট এলাকাসংলগ্ন ব্যাংকের শাখা খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ওই সব শাখায় রাত ৮টা পর্যন্ত লেনদেন চালু রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একাধিক নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, পশুর হাটের ক্রেতা ও বিক্রেতারা রাতেও যাতে ব্যাংকে লেনদেন করতে পারেন সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন–বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার শিল্পসংশ্লিষ্ট এলাকার ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। এ কারণে শুক্রবার ও শনিবার পোশাকশিল্প ও ঢাকার পশুর হাটসংলগ্ন এলাকার ব্যাংক শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে আজ বৃহস্পতিবার সান্ধ্যকালীন ব্যাংকিং লেনদেন চলবে। ফলে রাত ৮টা পর্যন্ত সেবা চালু থাকবে। পাশাপাশি এসব এলাকায় শুক্রবার ও শনিবার ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে ব্যাংক।
এ ছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন–বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার শিল্পসংশ্লিষ্ট এলাকায়ও ব্যাংক খোলা থাকবে। এসব শাখায় ৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৮ ও ৯ জুলাই পূর্ণ দিবস খোলা রাখতে হবে। ওই দুই দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে, ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরের কোনো শাখার চেক দেওয়া যাবে না।