তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৮৯৯ কোটি টাকা
করোনাভাইরাসের কারণে ২০২০ সালের পুরো সময় ঋণ পরিশোধে বিশেষ সুবিধা পেয়েছেন ব্যবসায়ীরা। নীতিসুবিধার কারণে ওই সময়ে ঋণের কিস্তি পরিশোধ না করেও কেউ খেলাপি হননি। এখন এই বিশেষ সুবিধা বহাল না রাখলেও ঋণ পরিশোধে কিছুটা ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরও ব্যাংক খাতের খেলাপি ঋণ আবারও বাড়তে শুরু করেছে। তাতেই ব্যাংক খাতের প্রকৃত চিত্র বের হতে শুরু করেছে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের মার্চের তথ্য অনুযায়ী, গত মার্চে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ২৬৫ কোটি টাকা। গত জুনে যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ১৬৪ কোটি টাকা। আর গত বছরের জুনে খেলাপি ঋণ ছিল ৯৬ হাজার ১১৬ কোটি টাকা। ফলে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে দুই হাজার ৪৮ কোটি টাকা। আর তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে তিন হাজার ৮৯৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ঋণ ছিল ১১ লাখ ৫৮ হাজার ৭৭৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। সেই হিসাবে ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ খেলাপি ছিল। গত জুনে যা বেড়ে হয়েছে ৮ দশমিক ৬১ শতাংশ।
ব্যাংকাররা বলছেন, দেশে নথিপত্রে খেলাপি ঋণ যত দেখানো হয়, প্রকৃত চিত্র তার চেয়ে তিন গুণ বেশি। অনেক গ্রুপের ঋণ আদায় না হলেও বছরের পর বছর খেলাপি করা হয় না। আবার একই ঋণ বারবার পুনঃ তফসিল করে ঋণ নিয়মিত রাখা হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল ২০১৯ সালের মাঝামাঝিতে বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে একটি রিপোর্টে বলেছিল, বাংলাদেশে খেলাপি আড়াল করে রাখা আছে। এখানে খেলাপি ঋণের যে তথ্য প্রকাশ করা হয়, প্রকৃত খেলাপি ঋণ তার তুলনায় অনেক বেশি। তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশের খেলাপি ঋণ হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।