দায় নিচ্ছেন না সাবেক দুই ডিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও এস এম মুনিরুজ্জামান

আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি ধরতে গঠিত তদন্ত কমিটির জেরার মুখে পড়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও এস এম মুনিরুজ্জামান। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক (ইডি) শাহ আলম ও সাবেক দুই ইডিকেও জিজ্ঞাসাবাদ করে কমিটি।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারি এই কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। কমিটিতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি সদস্য হিসেবে আছেন সাবেক জেলা ও দায়রা জজ মহিদুল ইসলাম এবং সাবেক সচিব নুরুর রহমান। তাঁরাই মূলত কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জেরা করছেন।

গতকাল মঙ্গলবার জেরার পর সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী অবশ্য সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ, তা সম্পূর্ণ মিথ্যা।’ আদালতে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘তাও মিথ্যা।’

গতকালের জেরার পর আরেক সাবেক ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ডেকেছিল, তাই এসেছিলাম।’ প্রসঙ্গত, এস কে সুর চৌধুরীর পর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের দায়িত্বে ছিলেন এস এম মুনিরুজ্জামান।

জেরা শেষে সাবেক নির্বাহী পরিচালক (ইডি) মাহফুজুর রহমান বলেন, ‘আমি একসময় দায়িত্বে ছিলাম। তাই ডেকেছিল। তবে আমি কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত না।’

কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ইডি শাহ আলম ও সাবেক ইডি মো. আবদুল্লাহকে জেরা করেছে তদন্ত কমিটি।

এ ছাড়া আজ বুধবার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশনের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, তাঁর স্ত্রী উম্মে কুলসুম মান্নান এবং সাবেক পরিচালক আব্বাস উদ্দীন আহমেদকেও ডেকেছে কমিটি।