নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জনপ্রিয় হয় না, সম্মানিত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কেন্দ্রীয় ব্যাংককে নীরব থেকে কাজ করতে হয়। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানেরা জনপ্রিয় হয় না, সম্মানিত হয়। বাংলাদেশ ব্যাংককে যদি একটা প্রতিষ্ঠান না ভেবে মানুষ রূপে ব্যাখ্যা করা হয়, তাহলে ব্যাংকটির চরিত্র যা হতো, কাজেমী স্যার তাই ছিলেন। তিনি অভিজ্ঞতা থেকে আমাদের উপদেশ দিতেন। কিন্তু তিনি শুধু উপদেশ দিতেন না, উদাহরণও তৈরি করতেন।’

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এমন মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ। গতকাল রোববার রাতে অনলাইন প্ল্যাটফর্মে এ স্মরণসভা আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে ফয়সাল আহমেদ বলেন, ‘চেষ্টা করতে হবে কাজেমী স্যারের আদর্শ ও মেধা যেন কখনো বাংলাদেশ ব্যাংককে ছেড়ে না যায়।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ফজলে কবির বলেন, ‘পুরো ব্যাংকিং খাতে আল্লাহ মালিক কাজেমী একজন কিংবদন্তিতুল্য মানুষ। যখন যার সাহায্য লাগত, ওনার কাছে আসত। কারণ, ওনার মতো জ্ঞান কারোরই ছিল না। আমরা তাঁকে ফাইন্যান্সিয়াল উইজার্ড (অর্থনীতির জাদুকর) বলতে পারি। ওনার সবাইকে সাহায্য করার মানসিকতা ছিল, যা তাঁকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসে।’

আল্লাহ মালিক কাজেমীর কন্যা সামিরা এ কাজেমী বলেন, ‘পেশাগত মানুষ ও বাবা দুটো আলাদা সত্তা। তবে তাঁর সহকর্মীদের কথা থেকেও আমি তাঁর স্বভাবগত বৈশিষ্ট্য দেখতে পাই। তিনি অনেক পড়তেন। যখন কম্পিউটার ছিল না, তখনো তাঁকে দেখেছি প্যাডের পর প্যাড লিখে, কেটে আবার পরিচ্ছন্ন করে লিখতেন। সারা রাত জেগে তাঁর এত কাজ আমাদের খুব অবাক করত। আমি সব সময় এত নিখুঁত হওয়ার চেষ্টা করব, কিন্তু পারব কি না, জানি না। আব্বু বলতেন, সব বিষয়ে জ্ঞান রাখবে। কোনো একটা বিষয় জানলে হবে না, সব জানতে হবে।’

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে কাজ করার সময় আল্লাহ মালিক কাজেমীর খুব ঘনিষ্ঠ ছিলেন ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘কাজেমী স্যার ছিলেন এমন একজন মানুষ, যাঁর সবকিছু নিখুঁতভাবে (সুপারলেটিভে) তৈরি, কিন্তু তিনি তা স্বীকার করতে খুব অপছন্দ করতেন। কাজেমী নামের অর্থ হচ্ছে, যিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন। ১২ শতকের সুফিদের নাম হতো এটি। উনি তাঁর কাজ সেভাবেই দেখেছেন। আমার কাছে মনে হতো, উনি ব্যাংকের কাজ যত বোঝেন, ততটা কেউই বোঝেন না।’

আরও পড়ুন

ফয়সাল আহমেদ আরও বলেন, ‘দায়িত্ব পালন করতে গেলে গভর্নররা জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, তিনি সেই বিষয় বুঝতে পারতেন। ওনার কারণেই আবার সংযোগ তৈরি হতো, যা তাঁকে কেন্দ্রীয় ব্যাংকের আদর্শ ব্যক্তিত্বে পরিণত করেছিল। এ কারণে বলা যায়, কাজেমী স্যার ছিলেন গভর্নরদেরও গভর্নর।

‘তিনি অভিজ্ঞতা থেকে আমাদের উপদেশ দিতেন। কিন্তু তিনি শুধু উপদেশ দিতেন না। উদাহরণও তৈরি করতেন। আমি যখন আইএমএফে আসি, তখন প্রশিক্ষণ খুব সীমিত ছিল। আমরা হয়তো একটা আইন শিখতে পারি, একটা টেবিল বানানো শিখতে পারি, কিন্তু প্রশিক্ষণে মানুষের জন্য ভালোবাসা, নৈতিকতা শেখানো হয় না। এটা আমি কাজেমী স্যারের কাছে শিখেছি।’ স্মৃতিচারণে এসব কথা বলেন ফয়সাল আহমেদ।

স্মরণসভায় আলোচক হিসেবে আরও যুক্ত ছিলেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. আখতারুজ্জামান, সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান।