চার বছর চার মাসের জন্য ব্র্যাক ব্যাংকের এমডির পুনর্নিয়োগ
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেনকে আগামী চার বছর চার মাসের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ তাঁকে এই নিয়োগ দেওয়ার পর সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে। ফলে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, সেলিম হোসেনের নতুন এ নিয়োগ গত নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ২০১৫ সালের নভেম্বরে এমডি এবং সিইও হিসেবে ব্র্যাক ব্যাংকের দায়িত্ব নেন। সব মিলিয়ে দুই মেয়াদে ছয় বছর এমডি ও সিইও পদে দায়িত্ব পালন করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম হোসেনের নেতৃত্বে গত ছয় বছরে ব্র্যাক ব্যাংক মধ্যম সারি থেকে ব্যাংকিং খাতের শীর্ষস্থানে পৌঁছেছে। তাঁর নেতৃত্বে প্রায় সব আর্থিক সূচক ও মানদণ্ডে ব্র্যাক ব্যাংক অন্য সব ব্যাংক থেকে এগিয়ে।
সেলিম হোসেন এর আগে আইডিএলসি ফিন্যান্সেও এমডির দায়িত্বে ছিলেন। তিনি ২০১০ সালে আইডিএলসিতে যোগ দেওয়ার আগে ২৪ বছর এএনজেড গ্রিন্ডলেজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি নেন তিনি।
ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদে পুনরায় নিয়োগ দেওয়ায় ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন সেলিম আর এফ হোসেন। তিনি বলেন, ‘ব্র্যাক ব্যাংকের মেধাবী ও নিবেদিত প্রাণ টিমের সঙ্গে এ সমৃদ্ধির পথচলা অব্যাহত রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’