প্রচলিত ব্যাংকগুলো পেল ৬৫% ইউনিট

প্রতি ৬ মাসে এই বন্ডের পেছনে সরকারের খরচ হবে ৯৩ কোটি ৮০ লাখ টাকা। ৩৭টি ব্যাংক ও দুজন গ্রাহক এই বন্ডে বিনিয়োগ করেছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক

দেশে প্রথমবারের মতো ইসলামি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড চালু করেছে সরকার। প্রচলিত ব্যবস্থার সুদ নিয়ে যাদের আপত্তি, তাদের শরিয়াহভিত্তিক বিনিয়োগের সুযোগ করে দিতেই এ বন্ড চালু করা হয়েছে। এরই মধ্যে এ বন্ড ছেড়ে চার হাজার কোটি টাকা তুলেছে সরকার। সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ বন্ড বিক্রি করছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, দুজন গ্রাহক নতুন এ বন্ডে ২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা বিনিয়োগ করেছেন। আর সরাসরি ইসলামি ধারায় পরিচালিত ব্যাংক ও প্রচলিত ধারা ব্যাংকের ইসলামি ব্যাংকিং ইউনিটগুলো বিনিয়োগ করেছে ১ হাজার ৮৭৭ কোটি টাকা। এ ছাড়া প্রচলিত ধারার ব্যাংকগুলো নতুন এ সুকুক বন্ডের ৬৫ দশমিক ৬৮ শতাংশ ইউনিট কিনে নিয়েছে। তাতে ব্যাংকগুলো বিনিয়োগ করেছে ৩ হাজার ৭৭০ কোটি টাকা। ফলে শরিয়াহভিত্তিক এ বন্ডের সিংহভাগ গেছে প্রচলিত ধারার ব্যাংকগুলোর হাতে।

জানতে চাইলে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরোপুরি ইসলামি ধারার ব্যাংকিং করি। এ জন্য চাইলেও প্রচলিত ধারায় তহবিল সংগ্রহ বা ব্যবহার করতে পারি না। সরকারের ট্রেজারি বিল-বন্ডেও অংশ নিতে পারি না। ফলে চার হাজার কোটি টাকা অলস পড়ে রয়েছে। সরকার সুকুকের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করছে, এতে আমাদের সিংহভাগ কোটা থাকা প্রয়োজন। এতে ইসলামি ব্যাংকগুলোর বাজার আরও প্রসারিত হবে।’

সুকুকের মাধ্যমে এ অর্থ তোলা হচ্ছে সরকারের একটি প্রকল্পের জন্য। যে প্রকল্পে অর্থ খরচ হবে ধাপে ধাপে। কিন্তু সরকারের পক্ষ থেকে শুরুতেই ৪ হাজার কোটি টাকা তোলা হয়েছে, যার মুনাফা বাবদ ৬ মাসে সরকারের খরচ হবে ৯৩ কোটি ৮০ লাখ টাকা। ব্যাংকাররা বলছেন, সরকার চাইলে একসঙ্গে না তুলে ধাপে ধাপে এ বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারত। এতে সরকারের মুনাফা বাবদ খরচ কম হতো।

দেশের প্রথম শরিয়াহ বন্ড সুকুকের নিলাম গত সোমবার অনুষ্ঠিত হয়। নিলামে ৩৯টি আবেদন জমা পড়ে, আনুপাতিক হারে সবাই বন্ড পায়। ৪ হাজার কোটি টাকার বন্ডের জন্য আবেদন পড়ে ১৫ হাজার ১৫৩ কোটি ১০ লাখ টাকার। বন্ড পাওয়া গ্রাহকদের মধ্যে দুজন ব্যক্তি ও বাকিগুলো ব্যাংক। এই বন্ডের বিপরীতে বছরে ৪ দশমিক ৬৯ শতাংশ হারে মুনাফা দেবে সরকার। তবে মুনাফা বিতরণ করা হবে প্রতি ছয় মাস অন্তর। ইসলামি এ বন্ডের হার নির্দিষ্ট। কারণ, এটি ইজারা (ভাড়া) সুকুক।

এই বন্ড পেতে সোনালী ব্যাংক দুই হাজার কোটি টাকার আবেদন করে। কিন্তু পেয়েছে ৫২৭ কোটি ৯৪ লাখ টাকার বন্ড। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) ও রূপালী ব্যাংক দেড় হাজার কোটি টাকা করে, শাহজালাল ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়া ১ হাজার ৪০০ কোটি টাকা করে, অগ্রণী ব্যাংক ১ হাজার কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ৭০০ কোটি টাকা, এনআরবি গ্লোবাল ব্যাংক ৬৫০ কোটি টাকা, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ৬০০ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ও জনতা ব্যাংক ৫০০ কোটি টাকার আবেদন করে।

এর বাইরে ইসলামি ধারার ব্যাংকগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩৫০ কোটি, এক্সিম ব্যাংক ১০০ কোটি ও ইউনিয়ন ব্যাংক ১০০ কোটি টাকার আবেদন করে। প্রচলিত ধারার ব্যাংকগুলো নিজেরা আবেদন করে, আবার তাদের ইসলামি ব্যাংকিং ইউনিটের মাধ্যমেও আবেদন করে। এর বাইরে যমুনা ব্যাংকের ইসলামি ব্যাংকিং সেবার গ্রাহক এম শহিদুল ইসলাম ১০ লাখ টাকা ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের গ্রাহক আল আমিন ১০ কোটি টাকার বন্ড কেনার আবেদন করেন। এর মধ্যে শহিদুল ইসলাম ২ লাখ ৬০ হাজার টাকা ও আল আমিন ২ কোটি ৬৪ লাখ টাকার বন্ড পান।

ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরিদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে সাধারণ মানুষ সুকুকে বিনিয়োগে আগ্রহী হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বর্তমানে ট্রেজারি বিলের চেয়ে সুকুক বন্ডে মুনাফা বেশি। এ জন্য এ বন্ড কিনতে ব্যাংকগুলোর আগ্রহ বেশি ছিল। বাংলাদেশ ব্যাংক চলতি বছরের মাঝামাঝিতে আর চার হাজার কোটি টাকার সুকুক বন্ড বিক্রি করবে।