বিএফআইইউর প্রধান কে হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক

অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধের তদারকি সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা হতে আগ্রহী ১২ কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের নেতৃত্বে গঠিত একটি কমিটি গত বুধবার এই সাক্ষাৎকার নেয়।

কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে অংশ নেওয়া ব্যক্তিদের বড় অংশই নিয়ন্ত্রক সংস্থাটির সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউর উপপ্রধান মো. মাসুদ বিশ্বাস, সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা, মো. ইস্কান্দার মিয়া, মনোজ কুমার বিশ্বাস, মনোজ কান্তি বৈরাগী, সাবেক অতিরিক্ত সচিব জাফর ইকবাল প্রমুখ।

এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী, আবুল কালাম আজাদ, মো. হুমায়ুন কবির, মো. সিরাজুল ইসলাম, এ কে এম ফজলুর রহমান ও জোয়ারদার ইসরাইল হোসেন সাক্ষাৎকারে অংশ নেন।

গভর্নরের নেতৃত্বে গঠিত কমিটি বিএফআইইউর প্রধান নিয়োগের জন্য যোগ্যদের একটি তালিকা সরকারের কাছে জমা দেবে। সেখান থেকে সরকার একজনকে বেছে নেবে।

বিএফআইইউ আইনত সরকারের একটি সংস্থা। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করে সংস্থাটি। যদিও এটি পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাই মূলত এটি পরিচালনা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএফআইইউর প্রধান ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহা রাজী হাসান। সম্প্রতি তিনি অবসরে গেছেন।