বিশেষায়িত ব্যাংকের কর্মকর্তারাও আলাদা ভাতা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর, দ্বীপ ও চর উপজেলায় কর্মরত রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের জন্য আলাদা ভাতা কার্যকর হয়েছে গত ৯ ডিসেম্বর থেকে। এখন থেকে বিশেষায়িত ব্যাংকের কর্মকর্তাদের জন্যও তা প্রযোজ্য হবে।

গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। গ্রেডভেদে প্রতি মাসে ভাতার পরিমাণ হবে ১ হাজার ৬৫০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাওর, দ্বীপ ও চর উপজেলায় অবস্থিত বিশেষায়িত ব্যাংকের স্থায়ী কর্মকর্তা–কর্মচারীদেরও আলাদা ভাতা দেওয়া হবে।

জাতীয় বেতন কাঠামো, ২০১৫ অনুযায়ী ৭ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ভাতার পরিমাণ পাঁচ হাজার টাকা। এ ছাড়া ৮ম গ্রেডের কর্মকর্তারা ৪ হাজার ৬০০ টাকা, ৯ম গ্রেডের কর্মকর্তারা ৪ হাজার ৪০০ টাকা ও ২০তম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার ৬৫০ টাকা ভাতা পাবেন প্রতি মাসে।

মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে পার্বত্য এলাকাবহির্ভূত ১৬ উপজেলাকে হাওর, দ্বীপ ও চর উপজেলা ঘোষণা করে।

সে অনুযায়ী ১৬টি উপজেলা হলো কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার, হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নেত্রকোনার খালিয়াজুরী।

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের মতো বেসরকারি ব্যাংকগুলোও হাওর ও চর অঞ্চলের ব্যাংক কর্মকর্তাদের জন্য আলাদা ভাতা দেওয়ার উদ্যোগ নিতে পারে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা মনে করছেন।