বেড়েছে ব্যাংক খাতের খেলাপি ঋণ
করোনাভাইরাসের কারণে ২০২০ সালের পুরো সময় ঋণ পরিশোধে বিশেষ সুবিধা পান ব্যবসায়ীরা। নীতি সুবিধার কারণে ওই সময়ে ঋণের টাকা পরিশোধ না করেও কেউ খেলাপি হননি। তবে চলতি বছরে ওই বিশেষ সুবিধা বহাল রাখেনি কেন্দ্রীয় ব্যাংক। ফলে বছরের প্রথম তিন মাসেই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা বেড়েছে। তাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৮৫ কোটি টাকা-মোট ঋণের ৮ দশমিক শূন্য ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মার্চের তথ্য অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে সরকারি-বেসরকারি প্রায় সব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। এর মধ্যে করোনায় ক্ষতিতে পড়া ব্যবসায়ীরা যেমন আছেন, আবার পুনঃতফসিল করা ঋণও নতুন করে খেলাপি হয়ে পড়েছে। ফলে সামনের দিনে ব্যাংকের খেলাপি ঋণের বোঝা আরও বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যাংকাররা।
তাঁরা বলছেন, এক বছর ঋণ পরিশোধ না করেও কেউ নতুন করে খেলাপি তালিকায় নাম লেখাননি। ফলে ভালো ব্যবসায়ীদের অনেকে ঋণ পরিশোধ করা ভুলে গেছেন। আবার করোনায় ক্ষতির মুখে পড়ে অনেকের ব্যবসা ঘুরে দাঁড়ায়নি। তাঁরাও ঋণ শোধ করছেন না। ফলে খেলাপি ঋণ বাড়ছেই।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ঋণ ছিল ১১ লাখ ৫৮ হাজার ৭৭৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। সেই হিসাবে ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ খেলাপি ছিল। এখন যা আরও বেড়েছে।
খেলাপি ঋণের মধ্যে ৪২ হাজার ২৯২ কোটি টাকা রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর। মার্চে যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৪৫০ কোটি টাকা। এর মধ্যে বিডিবিএল ছাড়া সব সরকারি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে।
বেসরকারি খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছিল ৪০ হাজার ৩৬১ কোটি টাকা, যা বেড়ে হয়েছে ৪৫ হাজার ৯০ কোটি টাকা। ভালো কয়েকটি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে।
আর বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণ ২ হাজার ৩৮ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৪৫৮ কোটি টাকা। বিদেশি ব্যাংকের খেলাপি ঋণ ৪ হাজার ৬১ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ৮৬ কোটি টাকা।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস-উল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার সময় কেন্দ্রীয় ব্যাংক অনেক ঋণ খেলাপি করে দিয়েছে। আবার অনেক ঋণ নিয়মিত হলেও এখনো কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন মেলেনি। এই কারণে খেলাপি ঋণ বেড়ে গেছে।