ব্যাংক খুলেছে সীমিত পরিসরে, গ্রাহক উপস্থিতি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ানবাজারে একটি ব্যাংকের সামনে গ্রাহক উপস্থিতি।
ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের সংক্রমণ সামাল দিতে সরকারঘোষিত সর্বাত্মক লকডাউনের মধ্যে আজ সোমবার থেকে সীমিত পরিসরে লেনদেন হচ্ছে ব্যাংকে। আজ থেকে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চলবে ব্যাংকে।

সকালে রাজধানীর গুলশান, কারওয়ানবাজার ও মতিঝিলে বিভিন্ন ব্যাংকে ঘুরে দেখা যায়, কোনো কোনো শাখায় সাধারণ সময়ের চেয়ে বেশি গ্রাহক ছিল। আবার কোনো কোনো শাখায় গ্রাহক উপস্থিতি স্বাভাবিক সময়ের মতো।

মতিঝিলে ইসলামী ব্যাংকের লোকাল অফিসে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি কাউন্টারের সামনেই গ্রাহক উপস্থিতি অনেক বেশি। আবার গুলশানে বেসরকারি কয়েকটি ব্যাংকের শাখায় গিয়ে দেখা যায়, কাউন্টারের সামনে লাইন আছে, তবে দীর্ঘ নয়।

রাজধানীর দিলকুশায় একটি ব্যাংকের ভেতরে গ্রাহক উপস্থিতি।
ছবি: প্রথম আলো

কয়েকজন ব্যাংক কর্মকর্তা জানান, লকডাউনের কারণে সব শাখা খেলা নেই। তাই যেগুলো খোলা আছে, সেগুলোয় অন্য শাখার গ্রাহকেরা আসছেন। সেই সঙ্গে কম লোকবল দিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, তাই সেবা দিতেও কিছুটা বিলম্ব হচ্ছে।

আবার কিছু কিছু ব্যাংকে দেখা যাচ্ছে ভেতরে একজন একজন করে ঢুকতে দেওয়া হচ্ছে। ব্যাংকের বাইরে গ্রাহকের বড় লাইন হয়ে গেছে। দিলকুশায় সিটি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার সামনে এমনই বড় লাইন দেখা যায়। কর্মকর্তারা জানালেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একজন একজন করে গ্রাহক ঢুকতে দেওয়া হচ্ছে। তবে সবাইকেই সেবা দেওয়া হবে।

বেসরকারি একটি ব্যাংকের বাইরে এমনই গ্রাহকের উপস্থিতি দেখা গেছে।
ছবি: প্রথম আলো

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে গত বৃহস্পতিবার থেকে সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউন দিয়েছে সরকার। এ অবস্থায় সীমিত পরিসরে ব্যাংকব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার পর্যন্ত ব্যাংক বন্ধ রাখা হয়। তবে এর মধ্যে ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন ছিল। আজ থেকে ব্যাংক খুলেছে।

গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে নির্দেশনা দিয়ে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা সীমিতসংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে।

সীমিত পরিসরে লেনদেন চললেও গ্রাহক উপস্থিতি বেশি
ছবি: প্রথম আলো

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় প্রতিটি জেলা সদরে ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে হবে। অন্য সব ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে একটি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে ব্যাংকে ব্যবস্থাপনার বিবেচনায় অনধিক দুটি শাখা খোলা রাখা হবে।