ব্যাংকারদের বোনাস বিষয়ে প্রতিবেদন দেবে কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং সরকারি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ প্রতিবেদনের ওপর পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, ভবিষ্যতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উৎসাহ বোনাস পাবেন কি না।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদের সভাপতিত্বে গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বিডিবিএল, কর্মসংস্থান ব্যাংক এবং বিএইচবিএফসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুধু রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ২০১৩ সালে ‘উৎসাহ বোনাস প্রদান সম্পর্কিত নীতিমালা’ প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক। সেই নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করাই হচ্ছে কমিটির কার্যপরিধি। বৈঠকে অভিন্ন নীতিমালা তৈরির ব্যাপারেও মত এসেছে।

বাংলাদেশ ব্যাংক গত ২০ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠিয়ে বলেছে, আর্থিক সচ্ছলতা এবং তারল্য অবস্থা সন্তোষজনক পর্যায়ে বিবেচিত হলে নিট মুনাফার ভিত্তিতে উৎসাহ বোনাস দিতে পারবে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো। তবে লোকসানে থাকলেও কোনো কোনো ব্যাংক উৎসাহ বোনাস দিয়ে আসছে।