আমানতকারী বনাম বিনিয়োগকারী
ব্যাংকে সুদ ৩%, লভ্যাংশ ৩৫%
ব্যাংকে আমানতের সুদহার এত নিচে নেমে এসেছে যে ৫ শতাংশও সুদ পাচ্ছেন না আমানতকারীরা। অন্যদিকে শেয়ারধারীদের দিচ্ছে উচ্চ মুনাফা।
ইস্টার্ণ ব্যাংকে টাকা জমা রেখে কোনো কোনো আমানতকারী বছরে পাচ্ছেন আড়াই শতাংশ হারে সুদ। আর শেয়ারে বিনিয়োগ করে এই ব্যাংকের বিনিয়োগকারী পেয়েছেন ৩৫ শতাংশ মুনাফা। একইভাবে ডাচ্–বাংলা ব্যাংকের কোনো কোনো গ্রাহক বছরে সুদ পাচ্ছেন ২ থেকে আড়াই শতাংশ হারে। আর শেয়ারে বিনিয়োগ করে এই ব্যাংকের বিনিয়োগকারী পেয়েছেন ৩০ শতাংশ মুনাফা। ট্রাস্ট ব্যাংকে টাকা রেখে আমানতকারী সুদ পাচ্ছেন ২ থেকে ৩ শতাংশ। আর শেয়ারে বিনিয়োগ করে বছরে মুনাফা পেয়েছেন ২০ শতাংশ।
একইভাবে সব ব্যাংকের আমানতের সুদহার এত নিচে নেমে এসেছে যে ৫ শতাংশ হারে সুদও পাচ্ছেন না আমানতকারীরা। অন্যদিকে শেয়ারধারীদের দেওয়া হচ্ছে উচ্চ মুনাফা। এর মাধ্যমে ব্যাংকের উদ্যোক্তা–পরিচালকেরা ব্যাংক থেকে মুনাফা বাবদ বেশি টাকা বের করে নিচ্ছেন।
শেয়ারে বিনিয়োগকারীরা ঝুঁকি নিচ্ছেন, এটা সত্য। শেয়ারবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার কিনছেন কয়েক গুণ বেশি দামেও। আমানতের সুদহারের সঙ্গে শেয়ারের মুনাফার সম্পর্ক কোথাও বিবেচনায় নেওয়া হয় না, এটাও সত্য। তবে আমানতকারীদের ঠকানো নিয়ে এখন প্রশ্ন তুলেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য বেঁধে দিয়েছে আমানতের সর্বনিম্ন সুদহার।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি প্রথম আলোকে বলেন, ব্যাংকের আমানতকারীরা সবচেয়ে দুর্বল পক্ষ। এ জন্য আমানতের সুদ ২ শতাংশে নামিয়ে আনার পরও কোনো আলোচনা নেই। ব্যাংকগুলোর অদক্ষতা ও অনিয়মের দায় নিতে হচ্ছে আমানতকারীদের। যদিও এটা ব্যাংকের শেয়ারধারী ও পরিচালকদের নেওয়ার কথা। ব্যাংক খাতের অবস্থা এমনিই ভালো না। জরুরি সংস্কার প্রয়োজন। না হলে দীর্ঘ মেয়াদে ব্যাংক খাত ক্ষতিতে পড়বে।
মুস্তফা কে মুজেরি আরও বলেন, ‘ছোট আমানতকারীরা কোথাও যেতে পারছে না। ব্যাংকের সুদে তারা মূল্যস্ফীতিও সামাল দিতে পারছে না। তাই আমানতের সুদহার বেঁধে দেওয়ার কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগটি আপাতত ভালো। পরিচালকদের বেশি মুনাফা দিলে সেখানেও লাগাম দেওয়া প্রয়োজন। তবে সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়ায় ভালো। কারণ, নিয়ন্ত্রণ করতে গেলে এর বিরূপ প্রতিক্রিয়া হয়।’
গত বছরের এপ্রিল থেকে ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এর আগে থেকে ব্যাংকগুলো আমানতের সুদ কমাতে শুরু করে। ওই সময়ে করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়। ব্যবসায়ীরা ঋণ নেওয়া বন্ধ করে দেন। আর কেনাকাটা ও ঘোরাঘুরি বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকের আমানত বাড়তে থাকে। প্রবাসী আয়ও বাড়ে।
ফলে কোনো কোনো ব্যাংক তিন মাস মেয়াদি আমানতের সুদ ১ শতাংশে নামিয়ে এনেছে। যেমন গত জুলাইয়ে ব্র্যাক ব্যাংকের তিন মাস মেয়াদি আমানতের সুদ ছিল ১ থেকে ২ শতাংশ। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে আমানতের সর্বনিম্ন সুদহার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলেছে, মূল্যস্ফীতির চেয়ে মেয়াদি আমানতের সুদহার কম হতে পারবে না। তবে এই সুবিধা পাবে শুধু সাধারণ আমানতকারীরা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমানতকারীরা ব্যাংকে টাকা রেখে যা পাচ্ছে, তাতে মূল্যস্ফীতিও সামাল দিতে পাচ্ছে না। বাড়তি মুনাফা তো পরের কথা। আসল টাকাই কমে যাচ্ছে। এ জন্য উদ্যোগী হয়ে কেন্দ্রীয় ব্যাংক আমানতের সুদহার বেঁধে দিয়েছে। ব্যাংকগুলোকে তা মানতে হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বেশ কয়েকটি ব্যাংক সাড়ে ৬ শতাংশ সুদেও ঋণ দিচ্ছে। যদিও ঋণের সুদের সর্বোচ্চ সীমা ৯ শতাংশ পর্যন্ত। গত জুলাই শেষে বেসরকারি খাতের ১৭টি ব্যাংকের তিন মাস মেয়াদি আমানতের সুদহার ছিল সাড়ে ৪ শতাংশের কম। ব্যাংকগুলো হলো আল-আরাফাহ্, ব্যাংক এশিয়া, ব্র্যাক, ঢাকা, ডাচ্-বাংলা, ইস্টার্ণ, ইসলামী, যমুনা, মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট, এনসিসি, ওয়ান, প্রাইম, শাহ্জালাল ইসলামী, সাউথইস্ট, দি সিটি ও ট্রাস্ট ব্যাংক। অথচ এসব ব্যাংক শেয়ারধারীদের জন্য ১০ শতাংশের বেশি মুনাফা ঘোষণা করেছে। ৩৫ শতাংশও লভ্যাংশ দিয়েছে কেউ কেউ। বেশির ভাগই দিয়েছে ১৫ থেকে ২৫ শতাংশ।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন, ‘আগে ঋণের সুদহার কমানোয় সাধারণ আমানতকারীরা ঠকলেও ব্যবসায়ীরা লাভবান হয়েছেন। এখন ব্যবসায়ীদের সুদ কিছুটা বেড়ে গেলে সাধারণ আমানতকারীরা লাভবান হবেন। ফলে ধনীদের টাকা যাবে সাধারণ আমানতকারীদের পকেটে। টাকা সব সময় এক গ্রুপের পকেটে যাবে না, এটাই স্বাভাবিক।’