ব্যাংকের গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
ছবি: সংগৃহীত

গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার না করতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের প্রতি পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বলেন, অর্থনীতিতে সোনালী ব্যাংকের অনেক অবদান রয়েছে। রাষ্ট্রমালিকানাধীন অন্য ব্যাংকগুলোরও তা আছে। তবে সেবা দেওয়া নিয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু সমালোচনাও আছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে জানানো হয়, ১৯৭২ সালের ২৪ মার্চ সোনালী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। সোনালীসহ রাষ্ট্রমালিকানাধীন অন্য ব্যাংকগুলোরও নাম রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য দেন বাংলাদেশের প্রথম অর্থসচিব মতিউল ইসলাম ও বর্তমান অর্থসচিব আবদুর রউফ তালুকদার। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান।

বিশেষ অতিথির তালিকায় বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সালেহউদ্দিন আহমেদ ও আতিউর রহমানের নাম থাকলেও আতিউর রহমান ছাড়া অন্য দুজন উপস্থিত ছিলেন না। ছিলেন না আরেক বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহও।

সোনালী ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক মো.আতাউর রহমান প্রধান উপস্থিত ছিলেন।আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
ছবি: সংগৃহীত

সোনালী ব্যাংকের কর্মকর্তাদের গ্রাহকবান্ধব সেবা দেওয়ার আরও অনেক সুযোগ আছে বলে মন্তব্য করেন ফজলে কবির। ব্যাংকারদের উদ্দেশে গভর্নর বলেন, ‘আপনারা ভালো কাজ করছেন। তবে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার (ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়র) করবেন না। দুর্ব্যবহার করার কোনো অধিকার নেই আপনাদের।’

সমালোচনার বিভিন্ন দিক তুলে ধরে গভর্নর বলেন, সোনালী ব্যাংকে ঋণ প্রক্রিয়া করতে সময় লাগে। এগুলো নিখুঁতভাবে করা দরকার। নন-ফান্ডেড ব্যবসাও বাড়াতে হবে। লোকসানি শাখা নামিয়ে আনতে হবে শূন্যের কোটায়। এ ছাড়া ক্ষুদ্র, কুটির, অতিক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের শিল্প খাতে ঋণ দিতে আরও বেশি মনোযোগ দিতে হবে।

হল-মার্ক কেলেঙ্কারির ঘটনা স্মরণ করে ফজলে কবির বলেন, এরপর ঋণ দেওয়ার ক্ষেত্রে একটু রক্ষণশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। ব্যাংকাররা মনে করতেন, ঋণ না দিলে ঝুঁকি নেই। এ মানসিকতা চলবে না। ঋণ দিতে হবে, ব্যবসা করতে হবে এবং ঋণ আদায়ও করতে হবে।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী উপস্থিত ব্যাংকারদের উদ্দেশে জানতে চান, গভর্নরের পরামর্শ সবাই মেনে চলবেন কি না। প্রায় সবাই হাত উঁচিয়ে এবং সমস্বরে ‘হ্যাঁ’সূচক জবাব দেন।