ব্যাংকের ৫০ শতাংশ বিনিয়োগ করপোরেট খাতে থাকলে ভালো

বহুজাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস বলছে, চলতি ২০২১ সালের মার্চ পর্যন্ত ইসলামি ধারার ব্যাংকগুলোর মোট ঋণের ৭৫ শতাংশই গেছে করপোরেট খাতে, যা ৫ বছর আগে ছিল ৫২ শতাংশ। অন্যদিকে প্রচলিত ধারার ব্যাংকগুলো এ ঋণ ৭৫ থেকে কমিয়ে ৭১ শতাংশে এনেছে। করপোরেট খাতে দ্রুত অর্থায়ন বৃদ্ধির কারণে ইসলামি ধারার ব্যাংকগুলো প্রচলিত ধারার ব্যাংকগুলোর চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে প্রথম আলোকে প্রতিক্রিয়া জানিয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুডিস যে প্রতিবেদন দিয়েছে, তার সঙ্গে আমাদের ব্যাংকের আর্থিক তথ্যের মিল নেই। আমাদের ব্যাংকের মূলধন পর্যাপ্ততা অনুপাত ১৩ দশমিক ৯৪ শতাংশ। নতুন বন্ড ছাড়া সম্পন্ন হলে তা ১৬ শতাংশে উন্নীত হবে। আমাদের ৫৯ শতাংশ বিনিয়োগ করপোরেট খাতে। এসএমই খাতে বিনিয়োগ ৩৬ শতাংশ ও ভোক্তা খাতে ৫ শতাংশ। আমাদের বিনিয়োগের ৩ দশমিক ৫৮ শতাংশ খেলাপি। এসব আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে, যা সামনের দিনে আরও কমে আসবে। দেশের রপ্তানির সাড়ে ৫ শতাংশ এখন শাহজালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে হচ্ছে।

আমাদের সব শাখা ছোট ছোট ব্যবসায়ীদের কাছে যাচ্ছে। কর্মীরা তাঁদের কাছে ভিডিও করে আমাদের দেখাচ্ছেন। আমরা তা দেখেই ৫-১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ দিচ্ছি। প্রতিদিন এমন ৩০-৪০টি ঋণ প্রস্তাব আমাদের কাছে আসছে। আমরা খুব দ্রুত সময়ে এসব ঋণ অনুমোদন করছি, যাতে সারা দেশে আমাদের সেবা পৌঁছে যায়।

আমাদের ব্যাংকের উচ্চ সুদের আমানত কমিয়ে এনেছি। একসময় ৭৮ শতাংশ আমানত ছিল উচ্চ সুদের। এখন গড় তহবিল খরচ ৩ দশমিক ৩৭ শতাংশ। অল্প কয়েকটি ব্যাংকের এত কম খরচের তহবিল রয়েছে।

আমি মনে করি, ব্যাংকের ৫০ শতাংশ বিনিয়োগ করপোরেট খাতে ও বাকিটা অন্য খাতে দেওয়া উচিত। এতে দেশের সব গ্রাহক উপকৃত হবেন। এ জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমাদের পরিচালনা পর্ষদে রয়েছেন একাধিক ব্যবসায়ী গ্রুপের মালিক। আর স্বতন্ত্র পরিচালক হিসেবে রয়েছেন দেশসেরা তিন পেশাজীবী। ফলে শাহজালাল ইসলামী ব্যাংক পেশাদারির সঙ্গে পরিচালিত হচ্ছে। এটা নির্দিষ্ট কোনো গ্রুপের ব্যাংক নয়, সাধারণ আমানতকারী ও শেয়ারধারীদের ব্যাংক।