ভুল স্বীকার ন্যাশনাল ব্যাংকের

কার্ডের মাধ্যমে ডলার পাচারের ঘটনায় ব্যাংকটির কার্ড সেবা বন্ধ, দুটি শাখার এডি লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম ভেঙে বিদেশি মুদ্রার হিসাব খোলা ও কার্ডের মাধ্যমে সীমার বেশি ডলার খরচের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। পাশাপাশি ব্যাংকটি সিকদার পরিবারের সদস্যদের কার্ডগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে। পাশাপাশি ব্যাংকের কার্ড সেবা স্থগিত বা বাতিল না করার অনুরোধ জানিয়েছে ব্যাংকটি। একই সঙ্গে দুটি শাখার বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদন (এডি) বাতিল বা স্থগিত না করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত ১৮ নভেম্বর বিভিন্ন অনিয়মের বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংকটিকে চিঠি দেয়। বাংলাদেশ ব্যাংকের ওই চিঠির জবাবে ভুলের জন্য ক্ষমা চেয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন ও কার্ড বিভাগের প্রধান মাহফুজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠি গত মাসে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘ব্যাংকটি ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছে। আমরা তাদের জবাব পর্যালোচনা করে দেখছি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, যেসব নথিপত্রের ভিত্তিতে ব্যাংকটির বিভিন্ন অনিয়ম উঠে এসেছিল, তা আরও যাচাই-বাছাই করতে নতুন করে ন্যাশনাল ব্যাংক পরিদর্শন করা হবে। তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ন্যাশনাল ব্যাংকের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে সীমাতিরিক্ত ১১৭ কোটি টাকা সমমূল্যের ডলার খরচ করেন সিকদার পরিবারের ৯ সদস্য ও সিকদার গ্রুপের ২ কর্মী। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত এই পাঁচ বছরে তাঁরা কার্ডের মাধ্যমে বিদেশে এই অর্থ খরচ করেন। এ জন্য ন্যাশনাল ব্যাংকের কার্ড সেবা কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়ে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত একজন নাগরিক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারেন। তবে সিকদার পরিবার ও গ্রুপের সদস্যরা বছরে গড়ে আড়াই লাখ ডলার পর্যন্ত খরচ করেছেন।

ক্রেডিট কার্ডের মাধ্যমে বিধিবহির্ভূত লেনদেন করায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদার ও সাবেক পরিচালক রিক হক সিকদারের কার্ডের হিসাব বন্ধের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। কার্ডের মাধ্যমে ১১ জনের খরচের (ঋণের) তথ্য গোপন করায় ইতিমধ্যে ব্যাংকটিকে ৫৫ লাখ টাকা জরিমানাও করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর নিয়মের বাইরে লেনদেন করায় মতিঝিলের দিলকুশা ও পশ্চিম ধানমন্ডি শাখার এডি (বিদেশি মুদ্রার ব্যবসা) লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা-ও জানতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজের নামে নিয়ম ভেঙে বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব খুলে লেনদেন করায় হিসাবটি বন্ধের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক।

ন্যাশনাল ব্যাংক এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে জানিয়েছে,‌‌ ‘জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজের নামে ১৯৯৯ সালে দিলকুশা শাখায় হিসাব খোলা হয়, যা পরে পশ্চিম ধানমন্ডি শাখায় স্থানান্তর করা হয়েছিল। হিসাবটি খোলা ও লেনদেনের ক্ষেত্রে যে নিয়মের লঙ্ঘন হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

ব্যাংকটি বলেছে, দিলকুশা শাখার মাধ্যমে বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়। পশ্চিম ধানমন্ডি শাখার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা ব্যাংকিং সুবিধা নেন। এ জন্য এই দুই শাখার এডি লাইসেন্স বাতিল করা হলে বিদেশি শিক্ষার্থীরা যেমন সমস্যায় পড়বেন, তেমনি ন্যাশনাল ব্যাংকের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হবে। এ ছাড়া নেতিবাচক প্রচারণার ফলে তারল্য সংকট তৈরি হলে ব্যাংক পরিচালনায় অস্থিরতা সৃষ্টি হতে পারে।

ন্যাশনাল ব্যাংক চিঠিতে আরও বলেছে, ‘দুই পরিচালকসহ তাদের স্বার্থসংশ্লিষ্টদের কার্ডের মাধ্যমে নিয়মের বাইরের খরচের জন্য দুঃখ প্রকাশ করছি। এসব কার্ডের সব ধরনের লেনদেন বন্ধ আছে এবং বকেয়া সমন্বয় করা হয়েছে।’ চিঠিতে বলা হয়, বর্তমানে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহক ৯০ হাজার ও ডেবিট কার্ডের গ্রাহক ১ লাখ। কার্ড সেবা বন্ধ করা হলে অসংখ্য গ্রাহক সমস্যায় পড়বেন।

চিঠির বিষয়ে জানতে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।