মুঠোফোন ও বাংলা কিউআর কোডে হবে লেনদেন
আর্থিক লেনদেন বা কেনাকাটায় নগদ টাকার ব্যবহার কমছেই। এখন চলছে কার্ড, কুইক রেসপনস (কিউআর) কোড ও অনলাইনভিত্তিক লেনদেন। তবে এখনো ছোট অঙ্কের লেনদেন নগদ টাকা ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সব ধরনের লেনদেন কিউআর কোডভিত্তিক করতে চায়। এ জন্য আলাদা বাংলা কিউআর কোড চালু করেছে। আগামী বছর থেকে কিউআর কোডভিত্তিক সব লেনদেন হবে বাংলা কিউআর কোডের মাধ্যমে।
ইতিমধ্যে যেসব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান কিউআর কোড চালু করেছে, তাদেরও চলতি বছরের মধ্যে বাংলা কোডে যেতে হবে। এভাবে বাংলাদেশ ব্যাংক সারা দেশে একই রকমের কোডভিত্তিক লেনদেন ছড়িয়ে দিতে চায়। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বুধবার প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে কিউআর কোডভিত্তিক পরিশোধ সেবার ব্যবহার বাড়ছে। এই লেনদেন সহজ ও সাশ্রয়ী বলে এটির বহুল ব্যবহার দেশের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। সে জন্য কিউআর কোড হতে হবে সবার জন্য ব্যবহার উপযোগী। দেশে সবাইকে বাংলা কিউআর কোড ব্যবহার করতে হবে। এই কিউআর কোডের মাধ্যমে দেশের সব নেটওয়ার্কে লেনদেন করা যাবে। একক ব্যক্তির হিসেবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ ২০ হাজার টাকা।
কিউআর কোডের মাধ্যমে নগদ টাকার ব্যবহার ছাড়া কেনাকাটা দেশেও জনপ্রিয়তা পাচ্ছে। ১৯৯০ সালের পরে বিশ্বে কিউআর কোডের প্রচলন শুরু হয়। বাংলাদেশে চালু হয় কয়েক বছর আগে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ১১ মার্চ বাংলা কিউআর স্ট্যান্ডার্ড ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, দিনে দিনে পয়েন্ট অব সেলস (পিওএস) থেকে কিউআর কোডে ঝুঁকছে ব্যাংক। কারণ, এতে খরচ কম। সেবা দিতেও সময় কম লাগছে। তাই সব কিউআর কোড একই ধাঁচের হওয়া প্রয়োজন। এতে ব্যবহার দ্রুত বাড়বে। ভারতেও ছোট লেনদেন কিউআর কোডে হচ্ছে। বাংলাদেশেও এই সুযোগ আছে। কারণ, দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে।
কিউআর কোডের মাধ্যমে নগদ টাকার ব্যবহার ছাড়া কেনাকাটা দেশেও জনপ্রিয়তা পাচ্ছে। ১৯৯০ সালের পরে বিশ্বে কিউআর কোডের প্রচলন শুরু হয়। বাংলাদেশে চালু হয় কয়েক বছর আগে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ১১ মার্চ বাংলা কিউআর স্ট্যান্ডার্ড ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলা কিউআর কোড দিয়ে নির্দিষ্ট যেকোনো ব্যাংকের অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে। ফলে ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন নেটওয়ার্কের একাধিক কিউআর কোড ব্যবহারের প্রয়োজন হবে না।