সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকটির চেয়ারম্যান পদে থেকে দুই শাখা থেকে নিজ নামে ও বেনামে অর্থ সরিয়েছেন এবং ভুয়া প্রতিষ্ঠান খুলে কর্মচারীদের নামে ঋণ নিয়েছেন। আবার করোনাভাইরাসের কারণে সরকারের ঘোষিত প্রণোদনা তহবিল থেকেও শ্রমিকদের বেশি বেতন দেওয়ার মিথ্যা তথ্য দেখিয়ে বেশি টাকা তুলেছেন।
দুদকের জনসংযোগ বিভাগ থেকে সম্প্রতি এই তথ্য জানানো হয়। তদন্ত করছেন সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার।
সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদনে আমজাদ হোসেনের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারের তথ্য উঠে আসে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য দুদকে সুপারিশ করা হয়। এরপরই তদন্ত শুরু করে দুদক।
বিএফআইইউয়ের প্রতিবেদন অনুযায়ী, আমজাদ হোসেন অনিয়ম করার জন্য এসবিএসি ব্যাংকের খুলনা ও কাটাখালী শাখাকে বেছে নেন।
তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও খুলনা এবং কাটাখালীকেন্দ্রিক। ২০১৩ সালে বর্তমান সরকারের টানা তিন মেয়াদের প্রথম দফায় অনুমোদন পায় এসবিএসি ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটিতে আমজাদ হোসেনের একচ্ছত্র আধিপত্য। ফলে জনগণের আমানতে চলা ব্যাংকটি ঝুঁকির মুখে পড়েছে।
বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, এস এম আমজাদ হোসেনের মতো ব্যক্তি এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালক পদে থাকলে আমানতকারীদের অর্থ সুরক্ষিত নয়।