মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর ফজলে কবির বলেছেন, ‘সাবেক গভর্নরদের কেউ কেউ বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নেই। তাঁরা বলেন, এটি অর্থ মন্ত্রণালয়ের অধিদপ্তরে পরিণত হয়েছে। এটা অসম্ভব। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা স্বাধীনভাবে কাজ করছি। এই যে মুদ্রানীতি দেওয়া হলো, তা অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় জানেও না।’
গভর্নর বলেন, ‘আমি যোগদানের পর নতুন চারটি ব্যাংকের অনুমোদন দিয়েছি। এগুলো যাচাই–বাছাই করে দিয়েছি। একটিকে বাদও করে দিয়েছি। হয়তো অনেক অনুরোধ ছিল। কিন্তু কাউকে ব্যাংক দেওয়ার চাপ ছিল না। ’
সুদহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘সুদহার নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি রাজনৈতিক নয়। এ নিয়ে সরকারের সঙ্গে ব্যাংকারদের উপস্থিতিতে বিভিন্ন সভা হলেও সেখানে কেন্দ্রীয় ব্যাংক কোনো জবাব দেয়নি। কেন্দ্রীয় ব্যাংক স্বতন্ত্রভাবে বসে শুধু ঋণের সুদহার নির্দিষ্ট করেছে। বেশি সুদহারের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে। উন্নত দেশে সুদ ২ শতাংশ, আমাদের এখানে ১৬ শতাংশ। এ জন্য আমরা সুদহার নির্দিষ্ট করে দিয়েছি।’
গভর্নর হিসেবে ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে আগামী রোববার। ছয় বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা জানতে চাইলে গভর্নর বলেন, ‘আমি চ্যালেঞ্জের মধ্যে গভর্নর পদে এসেছিলাম। এই পদটি আমি উপভোগ করিনি। তবে রোববার থেকে পদে থাকব না, তখন ফেলে যাওয়া ভালো কাজগুলো দেখে ভালো লাগবে।’
গভর্নরের যোগ্যতা কী হওয়া উচিত—এমন প্রশ্নের জবাবে ফজলে কবির বলেন, ‘গভর্নর পদে পুরোপুরি অর্থনীতিবিদ না হলেও চলবে। মাঠপর্যায়ে, সচিবালয়, আইন ও নীতি প্রণয়নে অভিজ্ঞ আমলারা এই পদে ভালো করছেন। নতুন গভর্নর যিনি আসছেন, তিনি জ্ঞানী ও অভিজ্ঞ।’
ডলার–সংকট ও ডলারের দাম নিয়ে প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘এখন মুদ্রার বিনিময় হার আনুষ্ঠানিকভাবে ভাসমান। দুই সপ্তাহ আগেও পুরোপুরি আমরা নির্ধারণ করে দিতাম। এখন পুরোপুরি ছেড়ে দিয়েছি। তবে কেউ যদি বেশি দামে প্রবাসী আয় আনে, তাহলে আমাদের কিছু করার নেই। আর মুদ্রানীতিতে মূল্যস্ফীতিকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’
ঋণের বেঁধে দেওয়া সুদহার তুলে নেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘এখনো ঋণের গড় সুদহার ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। প্রয়োজন হলে পরবর্তী গভর্নর এ বিষয়ে পদক্ষেপ নেবেন। সঞ্চয়পত্র ও ওয়েজ আর্নার বন্ড থেকে সরকার ১০ শতাংশের বেশি খরচ করে টাকা ধার করছে। এটি অর্থবাজারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
ইউনিয়ন ব্যাংকের অনিয়মের বিষয়ে গভর্নর ফজলে কবির বলেন, ‘ইউনিয়ন ব্যাংকে সমস্যা একটা হয়েছে। এটি আমাদের নিয়মিত তদারকির মধ্যে আছে। যেখানে যে সমস্যা হবে, আমরা দেখব।’