সোনালীর ‘আয়ে’ সুদিন থাকছে না

  • ট্রেজারি কার্যক্রমের মাধ্যমে সোনালী ব্যাংক প্রতিবছর ৪০০–৫০০ কোটি টাকা আয় করে।

  • ২০১৪ সাল থেকে সোনালী ব্যাংকের পাশাপাশি ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক পাসপোর্টের ফি নেয়।

  • পাসপোর্টের ফি জমা নেওয়ার জন্য যে ব্যাংকগুলো আছে, সেগুলো দিয়েই আপাতত ট্রেজারি কার্যক্রমের সূচনা করা হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক লিমিটেডে

ট্রেজারি চালান ও পে–অর্ডারের মাধ্যমে বিভিন্ন ধরনের ফি জমা দেওয়া যায় শুধু বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের মাধ্যমে। বিষয়টি এখন উন্মুক্ত করার আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ ব্যাপারে ট্রেজারি বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকও এ সংশোধনের পক্ষে বলে জানিয়েছে অর্থ বিভাগকে।

বিধি সংশোধন হলে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের পাশাপাশি অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোও ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার ইত্যাদির মাধ্যমে পাসপোর্টের ফি, আদালতের জরিমানা, পরীক্ষার ফি ইত্যাদি সংগ্রহ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে পারবে। এর ফলে গ্রাহকদের সময় বাঁচবে, ভোগান্তি কমবে এবং সোনালী ব্যাংকের ওপর চাপও কমবে।

ট্রেজারি কার্যক্রম এখন করে শুধু সোনালী ব্যাংক। তা উন্মুক্ত করা হচ্ছে। ৫ বেসরকারি ব্যাংক দিয়ে পরীক্ষামূলক কাজ শুরু করতে চায় সরকার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘সোনালী ব্যাংকের পাশাপাশি অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোও ট্রেজারি কার্যক্রম পরিচালনা করতে পারে কি না, সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মতামত চেয়েছিল অর্থ বিভাগ। বাংলাদেশ ব্যাংক পারবে বলে মতামত দিয়েছে।’

ট্রেজারি কার্যক্রমের একচ্ছত্র সুবিধা ভোগ করে সোনালী ব্যাংক প্রতিবছর ৪০০–৫০০ কোটি টাকা আয় করে বলে জানা গেছে। বিধি সংশোধন হলে এ আয়ে ভাগ বসাতে পারবে অন্য ব্যাংকগুলোও। তাতে আয়ের দিক থেকে সোনালী ব্যাংকের সোনালি দিন আর থাকবে না। অন্য ব্যাংকগুলোকে সুযোগটি দিতে অর্থ বিভাগের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটির (সিডিএমসি) গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে ট্রেজারি বিধি সংশোধনের তাগিদ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৪ সালে পাসপোর্টের ফি জমার জন্য সোনালী ব্যাংকের পাশাপাশি বেসরকারি পাঁচ ব্যাংককেও চালান জমা নেওয়ার অনুমতি দেয় সরকার। ব্যাংকগুলো হচ্ছে ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

রাষ্ট্রমালিকানাধীন একাধিক ব্যাংকের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাহকদের সুবিধার্থে ট্রেজারি কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। সে ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে যাদের শাখা আছে, তাদেরই অগ্রাধিকার দেওয়া উচিত।

ট্রেজারি কার্যক্রম পরিচালনার জন্য চার বছর আগে থেকেই আমরা দাবি জানিয়ে আসছি। এতে ব্যাংকগুলোর মধ্যে এ ধরনের সেবা দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা হবে এবং শেষ বিচারে উপকৃত হবেন গ্রাহকেরা।
শামস-উল-ইসলাম ব্যবস্থাপনা পরিচালক, অগ্রণী ব্যাংক

এদিকে ট্রেজারি বিধি সংশোধনে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানের নেতৃত্বাধীন একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। চলতি মাসেই পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালু হওয়ার কথা। তার আগে বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ে একটি প্রস্তাব অর্থ বিভাগে জমা দেবে।

জানতে চাইলে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ট্রেজারি কার্যক্রম পরিচালনার জন্য চার বছর আগে থেকেই আমরা দাবি জানিয়ে আসছি। এতে ব্যাংকগুলোর মধ্যে এ ধরনের সেবা দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা হবে এবং শেষ বিচারে উপকৃত হবেন গ্রাহকেরা।’

তবে বেসরকারি বাদ দিয়ে সোনালী ব্যাংকের মতো অন্য সরকারি ব্যাংকগুলোর মধ্যেই ট্রেজারি কার্যক্রম সীমাবদ্ধ রাখার দাবি ছিল বলে জানান শামস-উল-ইসলাম।

অর্থ বিভাগের বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে, সব বাণিজ্যিক ব্যাংককে ট্রেজারি কার্যক্রম পরিচালনার অনুমতি এবং ফি দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক মনোনীত প্রতিটি ব্যাংকের সঙ্গে আলাদা আলাদা চুক্তি করবে। ট্রেজারি কার্যক্রমের জন্য ব্যাংকগুলোর যে ফি প্রাপ্য হবে, তার হারও নির্ধারণ করতে হবে।

অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পাসপোর্টের ফি জমা নেওয়ার জন্য যে ব্যাংকগুলো আছে, সেগুলো দিয়েই আপাতত ট্রেজারি কার্যক্রমের সূচনা করা হবে। পরে সব ব্যাংককেই আনার চিন্তা সরকারের।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান আশির দশকের উদাহরণ সামনে এনে প্রথম আলোকে বলেন, দেশের মহকুমাগুলো যখন জেলা হচ্ছিল, তখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর কাছে জানতে চাওয়া হয়েছিল, কারা ট্রেজারি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী। অগ্রণী, জনতাসহ প্রায় সব ব্যাংকই তখন অনাগ্রহ দেখিয়ে ফিরিয়ে দিয়েছিল। একমাত্র রাজি হয়েছিল সোনালী ব্যাংক। সেই থেকে সোনালী ব্যাংক এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ডিজিটাল বাংলাদেশের এই যুগে বিষয়টি উন্মুক্ত করে দিলে গ্রাহকেরাই উপকৃত হবেন বলে মনে করেন মাহফুজুর রহমান।