করোনার প্রভাব
স্কুল বন্ধে স্কুল ব্যাংকিংয়ে মন্দা
স্বাভাবিক সময়ের তুলনায় স্কুল ব্যাংকিং কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। হিসাব ও জমা টাকার পরিমাণ বাড়লেও গতি কমে গেছে।
ব্যাংকগুলোতে স্কুল ব্যাংকিং হিসাব খোলা অব্যাহত থাকলেও প্রবৃদ্ধির হার তুলনামূলকভাবে কমে গেছে। একই সঙ্গে স্কুল ব্যাংকিং হিসাবে সার্বিকভাবে আমানতের পরিমাণও সেভাবে বাড়ছে না।
করোনার কারণেই মূলত স্কুল ব্যাংকিং কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। স্কুল ব্যাংকিং-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, অনেক স্কুল এখন ব্যাংক হিসাবের মাধ্যমে ভর্তির টাকা গ্রহণ করছে। স্কুল বন্ধ থাকলেও ভর্তি কার্যক্রম চলছে। এ কারণে করোনার মধ্যেও হিসাব খোলা অব্যাহত আছে। আবার ব্যাংক হিসাব না থাকলে সরকারের উপবৃত্তির টাকা মিলছে না। এ জন্য করোনার মধ্যে ছাত্রীদের ব্যাংক হিসাব খোলার হার অবশ্য বাড়ছে।
আগে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের হিসাব খোলা হতো। তখন দ্রুত অনেক হিসাব খোলা সম্ভব হয়েছিল। ভালো আমানতও এসেছিল। করোনা শুরু হওয়ার পর তা বন্ধ হয়ে গেছে। এখন অনেক অভিভাবক এসে তাঁদের সন্তানের নামে ব্যাংকে হিসাব খুলছেন। এ জন্য হিসাবসংখ্যা ধীরে ধীরে বাড়ছে।মুহাম্মদ মুনিরুল মওলা, এমডি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
এদিকে করোনার মধ্যে স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও জমার পরিমাণ—দুটোতে প্রবৃদ্ধির গতি তুলনামূলকভাবে শ্লথ হয়ে পড়েছে। যেমন ২০১৯ সালের ডিসেম্বরে হিসাব ছিল ১৯ লাখ ৯২ হাজার ৯০২টি, যা ২০২০ সালের মার্চে বেড়ে হয় ২৩ লাখ ২৯ হাজার ১৩১টি। তিন মাসে হিসাব বেড়েছে ৩ লাখ ৩৬ হাজার। একই বছরের জুনে হিসাব বেড়ে হয় ২৪ লাখ ৩১ হাজার ৬০২টি। ওই তিন মাসে হিসাব বৃদ্ধি পায় ১ লাখ ২ হাজার। পরের তিন মাসে (সেপ্টেম্বর পর্যন্ত) হিসাব ২৫ লাখ ছুঁতে পারেনি। তবে গত বছরের ডিসেম্বর পর্যন্ত শেষ তিন মাসে হিসাবসংখ্যা দাঁড়ায় ২৬ লাখ ৯০ হাজার ৫৫০। আর গত মার্চে তা দাঁড়ায় ২৭ লাখ ৬৮ হাজার ৪৯৩-এ। এই তিন মাসে বেড়েছে প্রায় ৭৮ হাজার।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, কোনো শিক্ষার্থীর বয়স ১৮ বছরের বেশি হলে তাঁর হিসাবটি বন্ধ হয়ে যায় এবং তা সাধারণ গ্রাহক হিসাবে পরিণত হয়। এ কারণে হিসাব তুলনামূলকভাবে কম বাড়তে পারে।
এদিকে করোনার মধ্যে স্কুল ব্যাংকিং হিসাবগুলোতে জমা টাকার পরিমাণও সেভাবে বাড়ছে না। মূলত সুদ যুক্ত হয়েই টাকার পরিমাণ বাড়ছে। ২০২০ সালের মার্চে জমা টাকার পরিমাণ ছিল ১ হাজার ৭২৪ কোটি টাকা, যা তিন মাস পর জুনে ৯৭ কোটি টাকা বেড়ে হয় ১ হাজার ৮২১ কোটি টাকা। আর ২০২০ সালের ডিসেম্বর থেকে চলতি ২০২১ সালের মার্চ পর্যন্ত তিন মাসে জমা টাকা ১ হাজার ৯৫০ কোটি থেকে মাত্র ১৮ কোটি টাকা বেড়ে হয় ১ হাজার ৯৬৮ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে খুদে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়তে ২০১০ সালে দেশে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছিল। এর
ফলে ব্যাংকের শাখায় শাখায় ৬ থেকে ১৮ বছর বয়সের শিশুরা ব্যাংকে গিয়ে হিসাব খুলতে শুরু করে বা তাদের নামে অভিভাবকেরা হিসাব খুলে দিতে থাকেন। এই উদ্যোগের প্রথম বছরে স্কুল ব্যাংকিং হিসাব খোলা হয়েছিল ২৯ হাজার ৮০টি। দেড় লাখ স্কুল ব্যাংকিং হিসাব খুলতে সময় লেগেছিল আড়াই বছর।
শুরুতে মাত্র ১০ টাকা জমা রেখে স্কুল ব্যাংকিং হিসাব খোলা যেত। তবে ২০১৩ সালে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি নীতিমালা প্রণয়ন করে। তাতে কমপক্ষে ১০০ টাকা জমা দিয়ে স্কুল ব্যাংকিং হিসাব খোলার নিয়ম চালু করা হয়। নীতিমালায় বলা হয়, ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এই হিসাব খুলতে পারবে। শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকেরা এসব হিসাব পরিচালনা করতে পারবেন।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বনানী শাখায় গ্রেড-৩ এ পড়ছে মাহাথির জামিল। ঢাকা ব্যাংকে তার স্কুল ব্যাংকিং হিসাব রয়েছে। মাহাথির জামিলের মা সাদিয়া নাসরিন প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে ব্যাংকিংয়ে অভ্যস্ত করতে হিসাব খোলা হয়েছে। স্কুলের উদ্যোগেই খোলা হয়েছে এই হিসাব। এখন সে নিজে হিসাব পরিচালনা করতে পারে। বিভিন্ন সময়ে যেসব টাকা পায়, তা ওই হিসাবে জমা হয়। আবার আমরাও নিয়মিত টাকা জমা দিই। তবে করেনায় তা অনেকটা অনিয়মিত হয়ে পড়েছে।’
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, স্কুল ব্যাংকিং হিসাব খোলায় সবার শীর্ষে ডাচ্-বাংলা ব্যাংক। এর পেছনেই রয়েছে ইসলামী ব্যাংক। আর টাকা জমায়ও শীর্ষে ডাচ্-বাংলা, এরপরই ইস্টার্ণ ব্যাংকের অবস্থান।
জানতে চাইলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলা প্রথম আলোকে বলেন, ‘আগে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের হিসাব খোলা হতো। তখন দ্রুত অনেক হিসাব খোলা সম্ভব হয়েছিল। ভালো আমানতও এসেছিল। করোনা শুরু হওয়ার পর তা বন্ধ হয়ে গেছে। এখন অনেক অভিভাবক এসে তাঁদের সন্তানের নামে ব্যাংকে হিসাব খুলছেন। এ জন্য হিসাবসংখ্যা ধীরে ধীরে বাড়ছে।’
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত মার্চ শেষে স্কুল ব্যাংকিং হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৬৮ হাজার ৪৯৩টি। এসব হিসাবে জমা রয়েছে ১ হাজার ৯৬৮ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে ছাত্র হিসাব ১৫ লাখ ৪১ হাজার ৮৭৩টি, যার বিপরীতে জমা হয়েছে ১ হাজার ৮৫ কোটি টাকা। আর ছাত্রী হিসাব রয়েছে ১২ লাখ ২৬ হাজার ৬২০টি, যেখানে জমা আছে ৮৮৩ কোটি টাকা। স্কুল ব্যাংকিং হিসাবের ৫৭ শতাংশ শহর এলাকায় এবং ৪৩ শতাংশ গ্রামাঞ্চলে খোলা হয়েছে।
স্কুল ব্যাংকিং হিসাব খোলায় শীর্ষ ব্যাংক হলো ডাচ্-বাংলা। ব্যাংকটিতে গত মার্চ পর্যন্ত ৫ লাখ ৬১ হাজার ৯১৬টি হিসাব খোলা হয়েছে। এরপরই ইসলামী ব্যাংকের অবস্থান, যেখানে খোলা হয়েছে ৩ লাখ ২১ হাজার ২১৪টি হিসাব। অন্য উল্লেখযোগ্য ব্যাংকগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংকে ২ লাখ ৫৬ হাজার ১৮০টি, অগ্রণী ব্যাংকে ১ লাখ ৪৯ হাজার ৯৪০টি ও ব্যাংক এশিয়ায় ১ লাখ ৪৮ হাজার ১০৬টি হিসাব খোলা হয়েছে।
স্কুল ব্যাংকিং হিসাবে টাকা জমা রাখার ক্ষেত্রেও সবচেয়ে এগিয়ে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যাংকটিতে জমা হয়েছে ৫৪৮ কোটি টাকা। অন্য ব্যাংকগুলোর মধ্যে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে (ইবিএল) ১৫৭ কোটি, ইসলামী ব্যাংকে ১৩২ কোটি, ঢাকা ব্যাংকে ১১৫ কোটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) ৯১ কোটি টাকা জমা করা হয়েছে।