১২ ঘণ্টায় বিকাশের ৪৮৫ গ্রাহককে ঋণ দিল সিটি ব্যাংক
বিকাশের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ডিজিটাল ক্ষুদ্রঋণ চালু করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক। গতকাল বুধবার নতুন ধরনের এ সেবা চালু করা হয়। সেবাটি উদ্বোধনের পরবর্তী ১২ ঘণ্টায় (গতকাল দুপুর ১২ থেকে রাত ১২টা) বিকাশের ৪৮৫ গ্রাহককে এ ঋণ দিয়েছে সিটি ব্যাংক। এ ঋণ পেতে বিকাশ গ্রাহকদের কোথাও যেতে হয়নি। এমনকি কোনো নথিতেও স্বাক্ষর করতে হয়নি। সম্পূর্ণ ডিজিটাল উপায়ে ঘরে বসে হাতের মুঠোফোনেই এ ঋণ পেয়েছেন গ্রাহকেরা। এর মাধ্যমে ডিজিটাল ঋণের যুগে প্রবেশ করল বাংলাদেশ।
ঋণদাতা সিটি ব্যাংক জানিয়েছে, গতকাল দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত নতুন এ সেবার মাধ্যমে ৯ লাখ ৭৬ হাজার টাকা ঋণ বিতরণ হয়েছে। ঋণ পেয়েছেন মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশের ৪৮৫ গ্রাহক। তবে শুরুতে বিকাশের সব গ্রাহক এ ঋণ পাচ্ছেন না। কারণ, সিটি ব্যাংক এ ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে গ্রাহকের কিছু যোগ্যতা নির্ধারণ করেছে। তাতে কিছু গ্রাহককে শুরুতে ঋণ দিতে পারছে না ব্যাংকটি। এ জন্য বিকাশের অনেক গ্রাহক ঋণ পাওয়ার চেষ্টা করেও পাচ্ছেন না।
যে গ্রাহকেরা ঋণ নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, তাঁদের বিকাশের অ্যাপসে দেখানো হচ্ছে, ‘দুঃখিত, আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ হিসাব এখনো ঋণসেবার জন্য উপযুক্ত নয়।’ তাই নতুন ধরনের এ ঋণ পাওয়ার জন্য নিয়মিত বিকাশ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে তথ্য সরবরাহ করে (ই-কেওয়াইসি) যে গ্রাহকেরা বিকাশ হিসাব খুলেছেন, তাঁরাই শুরুতে সিটি ব্যাংকের ডিজিটাল ঋণ পাচ্ছেন। ই-কেওয়াইসিভুক্ত গ্রাহকের মধ্যে যাঁরা বিকাশ অ্যাপস ব্যবহার করছেন এবং নিয়মিত বিভিন্ন ধরনের লেনদেন করেন, ঋণ পাওয়ার ক্ষেত্রে তাঁরাই অগ্রাধিকার পাচ্ছেন। ফলে যাঁরা জাতীয় পরিচয়পত্র দিয়ে প্রচলিত পদ্ধতিতে গ্রাহক হয়েছেন, তাঁরা এখনই ঋণ পাচ্ছেন না। পাশাপাশি যাঁরা অ্যাপস ব্যবহার করছেন না, তাঁরাও ঋণ পাবেন না।
বিকাশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রচলিত পদ্ধতিতে কেওয়াইসি সম্পন্ন করে যাঁরা গ্রাহক হয়েছেন, তাঁদের জন্য ই-কেওয়াইসির মাধ্যমে পুনরায় নিবন্ধনের উদ্যোগ নিচ্ছে বিকাশ কর্তৃপক্ষ। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে আরও অনেক গ্রাহক ঋণ পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। পাশাপাশি প্রচলিত পদ্ধতিতে যাঁরা গ্রাহক হয়েছেন, তাঁদেরও ঋণের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে তারা। এ জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করে যাঁরা গ্রাহক হয়েছেন, শুধু তাঁদেরই ঋণ দেওয়া যায়।
অন্যদিকে সিটি ব্যাংক জানিয়েছে, ঋণ পেতে গ্রাহককে দীর্ঘদিন বিকাশ অ্যাপস ব্যবহার করতে হবে। যেহেতু বিকাশের লেনদেন পর্যালোচনা করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ধারণ করে দিচ্ছে কারা ঋণ পাবেন, তাই গ্রাহক যত বেশি বিকাশে লেনদেন করবেন, তত ঋণ পাওয়ার যোগ্য হয়ে উঠবেন।
বিকাশের যে গ্রাহকেরা ঋণ পাওয়ার যোগ্য, তাঁরা বিকাশ অ্যাপসের ‘লোন’ বিভাগে কয়েক ক্লিকেই পাচ্ছেন তাৎক্ষণিক ঋণ। এ জন্য কোনো নথিতে স্বাক্ষর করতে হচ্ছে না, প্রয়োজন হচ্ছে না কোনো নমিনি বা জামিনদারের। নানা মানদণ্ডের ভিত্তিতে বিকাশের এমন যোগ্য গ্রাহকদের ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সিটি ব্যাংক, যার সুদহার ৯ শতাংশ ও মেয়াদ সর্বোচ্চ ৩ মাস।