মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন এইচ বি এম ইকবাল
ব্যাংকিং সেবায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা এইচ বি এম ইকবাল।
গত শনিবার ভারতের কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্রমঞ্চে ভারত–বাংলাদেশ মৈত্রী উৎসব অনুষ্ঠানে এইচ বি এম ইকবালকে এই স্বীকৃতি দেওয়া হয়। সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম ও আন্তর্জাতিক সাহিত্য ঘরানা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে এইচ বি এম ইকবালের হাতে সম্মাননা পদক তুলে দেন সাংবাদিক–লেখক পঙ্কজ সাহা এবং সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধায়ক দেবাশীষ কুমার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সুজিত কুমার বসু প্রমুখ।
পুরস্কার পেয়ে এইচ বি এম ইকবাল বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের সূচনালগ্ন থেকেই বন্ধুপ্রতিম ভারতকে আমরা সব সময় পাশে পেয়েছি। আর এখানে এসে এই সম্মান প্রাপ্তির মাধ্যমে এক অনন্য অর্জন হয়েছে আমার। এই অর্জনে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ।’