ঈদে নতুন ফ্রিজ ঘরে আনার আগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাকের চাহিদা তো থাকেই, এর পাশাপাশি ঈদের চাঁদ দেখায় যেমন আনন্দ, ঘরে নতুন রেফ্রিজারেটর বা ফ্রিজ কিনে আনাটাও তেমনই আনন্দের। তবে আনন্দের পাশাপাশি ফ্রিজ এখন সংসারের প্রয়োজনীয় অনুষঙ্গও বটে। জীবনযাপনের আধুনিকতায় ফ্রিজের ব্যবহার বেড়েছে অনেক। ঈদ সামনে রেখে অনেকের পরিকল্পনা থাকে নতুন ফ্রিজ কেনার। নতুন ফ্রিজ কেনার আগে কিছু বিষয় জেনে রাখা দরকার।

ফ্রিজে প্রযুক্তির ছোঁয়া

সর্বশেষ আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হচ্ছে এখনকার ফ্রিজগুলোতে। ফ্রিজের হৃৎপিণ্ড বা হার্ট হচ্ছে কমপ্রেসর। তাই ফ্রিজ কেনার সময় কমপ্রেসরের বিষয়টি মাথায় রাখতে হবে। ফ্রিজের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি হচ্ছে ইনভার্টার। ইনভার্টার থাকার কারণে ফ্রিজ হয় বিদ্যুৎ-সাশ্রয়ী।

স্মার্ট কন্ট্রোলিং আইওটি প্রযুক্তিসমৃদ্ধ ফ্রিজ বাজারে আনতে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান, যেটি যুক্ত থাকবে ইন্টারনেটে। ফলে প্রযুক্তির সহায়তায় ফ্রিজে খাবার কতটুকু আছে, তা নিয়ন্ত্রণ করা যাবে। যার মাধ্যমে ফ্রিজের ভেতরের কোনো ফল বা ডিম ইত্যাদির সংখ্যা কমে গেছে কি না, এই তথ্য নোটিফিকেশন আকারে ফ্রিজ ব্যবহারকারীর পাশাপাশি নির্ধারিত সুপারশপেও চলে যাবে। ফলে অনলাইনে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সুপারশপ থেকে পণ্যগুলো বাসায় পৌঁছানো হবে। এ ছাড়া কত সময় ধরে ফ্রিজ চালু রয়েছে, জানা যাবে সেই পরিসংখ্যানও।

ফ্রিজ কেনার আগে...

ফ্রিজ কেনার আগে বেশ কিছু জিনিস দেখে নেওয়া উচিত। কারণ, একটি ফ্রিজ কেনা হয় দীর্ঘদিন ব্যবহারের জন্য। তাই ফ্রিজ কেনার আগে দেখে নিন সেটিতে বিদ্যুৎ খরচ কমানোর কোনো উপায় আছে কি না। ফ্রিজ কোন পদ্ধতিতে ঠান্ডা হয়, ইনভার্টার আছে কি না, এসবও জেনে নিন। বিক্রয়-পরবর্তী সেবা, যেমন বিভিন্ন যন্ত্রাংশের গ্যারান্টি, ওয়ারেন্টি ইত্যাদি বিষয় সম্পর্কেও পরিষ্কার ধারণা নিতে হবে। যে ব্র্যান্ডের ফ্রিজ কিনবেন, তাদের সার্ভিস সেন্টার আপনার এলাকায় আছে কি না, খোঁজ নিন। যেন কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সেবা পাওয়ার সুযোগ থাকে। বিল্ট ইন স্ট্যাবিলাইজার, ডোর অ্যালার্ম ও ডিওডোরাইজিং ফিল্টারের মতো সুবিধা থাকে অনেক ফ্রিজে, কেনার সময় এ বিষয়গুলোও খেয়াল রাখতে হবে।

ঘরের বসেই কিনুন ফ্রিজ

প্রায় সব প্রতিষ্ঠানেরই রয়েছে নিজস্ব অনলাইন স্টোর। চেষ্টা করতে হবে সেগুলো থেকে পণ্যটি কেনার। যদি অন্য কোনো অনলাইন মার্কেটপ্লেস থেকে কিনতে চান, তাহলে সুপরিচিত ও গ্রাহকদের রিভিউ ভালো, এ রকম সাইট বাছাই করুন। অনলাইনে প্রতিনিয়ত বিভিন্ন মার্কেটপ্লেস তৈরি হচ্ছে, তাই যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। নির্ভরযোগ্য ও বিশ্বস্ত মনে না হলে এড়িয়ে যাওয়াই ভালো।

এ ব্যাপারে ওয়ালটনের চিফ বিজনেস অফিসার (রেফ্রিজারেটর) ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মানুষ এখন অনলাইনে ইলেকট্রনিক পণ্য কিনতে আগ্রহী হচ্ছে। বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের গ্রুপ এই কেনাকাটা সহজ করে দিয়েছে। তবে অনলাইনে ফ্রিজ কেনার আগে মনে রাখতে হবে, সেটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট কি না। আর পণ্য হাতে পাওয়ার আগে টাকা পরিশোধ না করাই ভালো। বিশেষ করে ফেসবুক পেজ বা নতুন ওয়েবসাইট থেকে পণ্য কেনার ক্ষেত্রে কখনোই আগে পেমেন্ট করা উচিত নয়। এ ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কেনাই বুদ্ধিমানের কাজ।’

দরদাম ও কিস্তি সুবিধা

বাজারে বিভিন্ন মডেলের রেফ্রিজারেটর, ফ্রিজার ও বেভারেজ কুলার রয়েছে। নান্দনিক ডিজাইনের এসব ফ্রস্ট ও নন-ফ্রস্ট ফ্রিজের মডেলভেদে দাম শুরু ১২ হাজার ৯৯০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত। ফলে গ্রাহকেরা তাঁদের রুচি অনুযায়ী পছন্দসই ডিজাইন, ফিচার ও দামের ফ্রিজ বেছে নিতে পারছেন। মধ্যবিত্ত পরিবারের জন্য কিস্তিতে পণ্য কেনার বিষয়টি এখন বেশ জনপ্রিয়। যেকোনো দামের ফ্রিজ কেনার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায়। ৩, ৬ ও ১২ মাসের কিস্তিতে ফ্রিজের মূল্য পরিশোধ করা যাবে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইয়ের সুবিধা পাওয়া যাবে সহজে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআইয়ের সুবিধা দিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো। ২৪ মাসের মধ্যে বিনা সুদে মূল্য পরিশোধ করতে পারবেন। ছয় মাস পর্যন্ত সুদবিহীন কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ আছে। আর আপনি যদি কিস্তি পরিশোধের সময়সীমা বাড়িয়ে নিতে চান, তখন স্বল্প হারে সুদ দিতে হবে।

গ্যারান্টি-ওয়ারেন্টি

ফ্রিজ কেনার সময় গ্যারান্টি-ওয়ারেন্টির বিষয়গুলো ভালোভাবে জেনে নেওয়া উচিত। কমপ্রেসরের গ্যারান্টি কেমন এবং কত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ফ্রি বিক্রয়োত্তর সেবা আছে কি না, ইত্যাদি জেনে নিলে পরবর্তী সময়ে ভোগান্তি পোহাতে হবে না। এ বিষয়ে ওয়ালটনের চিফ বিজনেস অফিসার (রেফ্রিজারেটর) ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদ জানান, ‘প্রায় সব ব্র্যান্ডের পণ্যেই কমবেশি গ্যারান্টি-ওয়ারেন্টি রয়েছে।

বিষয়টি নিয়ে আমরা বেশ সচেতন। দ্রুত ও সর্বোচ্চ মানের বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৯টি সার্ভিস পয়েন্ট। পাশাপাশি ২০ হাজারের বেশি সেলস আউটলেট এবং অনলাইন ও কল সেন্টারের মাধ্যমে ক্রেতাদের বিভিন্ন সেবা দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ কিনতে চাইলে যে কেউ ওয়ালটন শোরুম বা অনলাইন (ই-প্লাজা) থেকে অর্ডার করতে পারবেন। ঝামেলাহীনভাবে পছন্দের পণ্যটি চলে যাবে ঘরে।’