প্রাইম ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক (বোনাস) লভ্যাংশসহ ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করেছেন।
ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় মোট ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশ নেন। সভার কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সমাপ্ত বছরের পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।
ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের মতামত ও পরামর্শের আলোকে বক্তব্য দেন।
পুরো সভাটি পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব নেয়ামুল হক এফসিএস। এ সময় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি এবং অডিটররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, যেসব তালিকাভুক্ত কোম্পানি ধারাবাহিকভাবে পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করে, কেবল তারাই ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি পায়। প্রাইম ব্যাংক সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে শেষ করেছে।