নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে আনল ওয়ালটন
বাজারে নতুন চারটি মডেলের ওয়াশিং মেশিন এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। নতুন এই ওয়াশিং মেশিনের মডেলগুলোতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওয়ালটন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ওয়ালটন করপোরেট কার্যালয়ে আজ নতুন এই ওয়াশিং মেশিনগুলোর বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিবিও) আব্দুল্লাহ আল জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের পণ্যদূত (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) অভিনেত্রী জয়া আহসান। আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ালটন জানায়, এআই প্রযুক্তির এসব ওয়াশিং মেশিন কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে ওয়াশ সেটিং নির্বাচন করবে, যা ব্যবহারকারীদের ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা দেবে। এ ছাড়া নতুন মডেলের এসব ওয়াশিং মেশিনে রয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর, যা একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় ও কম শব্দে দীর্ঘস্থায়ী কর্মদক্ষতা নিশ্চিত করে।
অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কারখানায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব আন্তর্জাতিক মানের ওয়াশিং মেশিন তৈরি করা হচ্ছে। সেখানে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রন্ট, টপ লোড অটোমেটিক ও সেমি অটোমেটিক ধরনের ৩০টির বেশি মডেলের ওয়াশিং মেশিন উৎপাদন করা হয়। এ ছাড়া এই কারখানায় বাণিজ্যিক ওয়াশিং মেশিনও তৈরি করা হয়।
অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখে এসব নতুন মডেলের ওয়াশিং মেশিন বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত কর্মদক্ষতা ও আন্তর্জাতিক মানের কারণে নতুন এসব ওয়াশিং মেশিন দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে।
ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আব্দুল্লাহ আল জুনায়েদ বলেন, ইউরোপের স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি এসব ওয়াশিং মেশিনে শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এবং বিএলডিসি মোটর রয়েছে। নির্দিষ্ট কিছু মডেলে রয়েছে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি। যার মাধ্যমে একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানো যাবে।
অনুষ্ঠানে অভিনেত্রী জয়া আহসান বলেন, সাশ্রয়ী দামে নতুন মডেলের ওয়াশিং মেশিন ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবনী দলেও প্রকৌশলীরা ওয়াশিং মেশিনে নিত্যনতুন অত্যাধুনিক বৈশিষ্ট্য যোগ করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কারণে স্থানীয় বাজারে ওয়ালটন ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে।