ধানমন্ডিতে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের যাত্রা শুরু
রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আকিজ ইনসাফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ জামিল উদ্দিন ও পরিচালক রেজওয়ানা আফরোজ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কেয়ার অ্যান্ড হ্যাপি এক্সপেরিয়েন্স অ্যাট এভরি স্টেপ’ (প্রতিটি পদক্ষেপে যত্ন ও ইতিবাচক অভিজ্ঞতা) প্রত্যয় নিয়ে ধানমন্ডিতে নতুন এই ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারটি চালু করা হয়েছে। বিশেষজ্ঞদের চিকিৎসা পরামর্শ, আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে কাজ করবে সেন্টারটি। এখানে এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, ইটিটি, ইকোকার্ডিওগ্রামসহ পূর্ণাঙ্গ প্যাথলজি সেবা পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখানে নিয়মিত রোগী দেখবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বেশির ভাগ প্যাথলজি, রেডিওলজি ও ইমেজিং টেস্টে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন রোগীরা।
রোগীদের নিরাপদ চলাচলের জন্য ডায়াগনস্টিক সেন্টারটিতে ইলেকট্রিক স্ট্রেচার, ইলেকট্রিক হুইলচেয়ার এবং উচ্চতা সামঞ্জস্য করার সুবিধাযুক্ত ‘অটো হাইট অ্যাডজাস্টেবল’ পেশেন্ট বেড যুক্ত করা হয়েছে। এর ফলে প্রবীণ, অতিরিক্ত ওজনের কিংবা চলাচলে অসুবিধা থাকা রোগীদের অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসকের চেম্বার পর্যন্ত আনা-নেওয়া সহজ ও নিরাপদ হবে।
প্রযুক্তিভিত্তিক সেবার অংশ হিসেবে সেন্টারটির বিভিন্ন পরীক্ষায় অনলাইন বুকিং সুবিধা রাখা হয়েছে। এমআরআই, সিটি-স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, ইটিটি, ইকোকার্ডিওগ্রামসহ প্রতিটি পরীক্ষার অনলাইন বুকিংয়ের সময়ই রোগীরা পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক নির্দেশনামূলক ভিডিও দেখতে পারবেন। এ ছাড়া সেন্টারের বিভিন্ন ফ্লোরের ডিসপ্লে মনিটরেও নিয়মিত এসব প্রস্তুতিমূলক তথ্য প্রদর্শন করা হচ্ছে, যাতে রোগী ও স্বজনেরা আগেই সচেতন হতে পারেন।
আকিজ ইনসাফের এক কর্মকর্তা বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত মানের চিকিৎসা, সমন্বিত ডায়াগনস্টিক সুবিধা ও রোগীর স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপে ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।