চার্টার্ড সেক্রেটারি দিবস উদ্‌যাপন করেছে আইসিএসবি

চার্টার্ড সেক্রেটারি দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ আয়োজিত র‍্যালিতে সংগঠনটির সদস্যরাছবি : আইসিএসবি

চার্টার্ড সেক্রেটারি পেশার গুরুত্ব ও অবদান তুলে ধরতে নানা আয়োজনে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। আজ মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে সংগঠনটি। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে আইসিএসবির সদস্য, শিক্ষার্থী, করপোরেট খাতের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনেরা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংগঠনটি।

আইসিএসবি জানায়, ২০১০ সালের এই দিনে চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশে চার্টার্ড সেক্রেটারি পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। প্রতিবছরের মতো এবারও দিবসটি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে আইসিএসবির কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আলোচনা সভায় বক্তারা বলেন, করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালন, নৈতিক ব্যবসা পরিচালনা এবং প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে চার্টার্ড সেক্রেটারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের করপোরেট খাতের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এ পেশার গুরুত্বও বাড়ছে।

দিবসটির বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের করপোরেট ও অর্থনৈতিক কর্মকাণ্ডে চার্টার্ড সেক্রেটারিদের অবদান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, সুশাসনভিত্তিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে এ পেশাজীবীদের ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।