সাভারে আড়ংয়ের আউটলেট উদ্বোধন
ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং ঢাকার পার্শ্ববর্তী বিকাশমান অঞ্চল সাভারে গত রোববার নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে। স্থানীয় গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও তাঁদের পূর্ণাঙ্গ রিটেইল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে দুই তলাজুড়ে প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনে গড়ে তোলা হয়েছে এ আউটলেট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আড়ং এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আউটলেটে আড়ংয়ের জনপ্রিয় সব ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থের পাশাপাশি রয়েছে পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাকসেসরিজ ও স্কিনকেয়ার পণ্যের বিশাল সংগ্রহ। সমকালীন নকশা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সমন্বয়ে সাজানো পরিমিত ও সুপরিকল্পিত এ পরিসর গ্রাহকদের জন্য ফ্যাশন, লাইফস্টাইল ও সচেতন জীবনধারার এক সমন্বিত গন্তব্য হিসেবে গড়ে তোলা হয়েছে।
এ নিয়ে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তামারা হাসান আবেদ বলেন, ‘আমাদের সাভার আউটলেটের উদ্বোধন দীর্ঘদিনের প্রতীক্ষিত। এটি এ অঞ্চলের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও রূপান্তরের প্রতিফলন। নতুন এ আউটলেটের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছাকাছি আসতে চাই এবং যে সম্প্রদায়কে আমরা সেবা দিই, তাদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে চাই।’