নগদের আয় থেকে ১৪ কোটি টাকার ভাগ পেল ডাক বিভাগ
আয় ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। ২০২৪ সালের জানুয়ারি থেকে গত বছরের জুন মাস পর্যন্ত নগদের আয় থেকে ডাক বিভাগকে এ অর্থ প্রদান করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম কাছে চেক হস্তান্তর করেন নগদের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আফজাল আহমেদ। এ সময় ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ, নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত সহযোগী প্রশাসক মো. নাহিম উদ্দিন, নগদের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মো. সামসুল ইসলামসহ নগদ ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, নগদের সেবা থেকে অর্জিত আয়ের ৫১ শতাংশ পাবে ডাক বিভাগ। বাকি ৪৯ শতাংশ পাবে নগদ। নগদের সেবা শুরুর পর থেকে এর আগে বিভিন্ন সময় ডাক বিভাগকে এ বাবদ প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা দিয়েছে নগদ।
অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নগদ এই খাতের বাজারে যথেষ্ট প্রতিযোগিতা সৃস্টি করতে সক্ষম হয়েছে।