বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগের পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ পুরস্কার পেয়েছেন।

শাখাওয়াত হোসেনের উদ্ভাবিত ও মেধাস্বত্বভুক্ত ‘খাদ্য ব্যয় সাশ্রয় ও নিয়ন্ত্রণে শাখাওয়াতের ছয়টি নিয়ন্ত্রণ ধাপ’ উদ্যোগের জন্য তিনি এ পুরস্কার পান। খাদ্যের অপচয় কমানো, ব্যয় নিয়ন্ত্রণ এবং সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে এই কাঠামো তৈরি করা হয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রথমবারের মতো এ পুরস্কারের আয়োজন করে। ৩ অক্টোবর ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে ১৬টি বিভাগে ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার পর মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘এই পুরস্কার ছয় নিয়ন্ত্রণ ধাপ উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং টেকসই আতিথেয়তা খাতে এর অবদানের স্বীকৃতি। আমরা এই কাঠামোকে বাংলাদেশের আতিথেয়তা খাতে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। ভবিষ্যতে আন্তর্জাতিক হোটেল ও রেস্তোরাঁ শৃঙ্খলেও এটি প্রয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করতে চাই।’

মো. শাখাওয়াত হোসেনের আতিথেয়তা খাতে ২৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হানসার মালিক প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা এবং একই বিভাগে পিএইচডি গবেষণা করছেন।