এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকসুদুর রহমান সরকার

মাকসুদুর রহমান সরকার, চেয়ারম্যান, এসবিএসি ব্যাংক

এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার। গতকাল বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মাকসুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং-এ বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

মাকসুদুর রহমান সরকার যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন।

মো. মাকসুদুর রহমান সরকার একজন শিক্ষাবিদ, গবেষক ও প্রথিতযশা হিসাববিদ। এই বিশেষজ্ঞের ৩৫টির বেশি নিবন্ধ প্রকাশিত হয়েছে।