অর্থ পাচার রোধে সুশাসন ও সমন্বয় জোরদারের আহ্বান

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আয়োজিত বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (সিএএমএলসিও) সম্মেলনে বিএফআইইউর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মো. মামুন এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনসহ অতিথিরা। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে
ছবি: সিটি ব্যাংক

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (সিএএমএলসিও) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএফআইইউ ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএফআইইউর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মো. মামুন প্রধান অতিথি ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএফআইইউর উপপ্রধান কর্মকর্তা মো. মফিজুর রহমান খান চৌধুরী।

বিএফআইইউর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মো. মামুন ব্যাংক খাতে মানি লন্ডারিং তথা অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সততা, সুশাসন, ডিজিটাল রূপান্তর এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা বাড়ার সঙ্গে ই-কমার্স প্রতারণা, ট্রেড-বেইজড মানি লন্ডারিং ও সাইবার ঝুঁকি বেড়েছে। এসব অপরাধ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর নজরদারি, ঝুঁকিভিত্তিক কমপ্লায়েন্স ও সন্দেহজনক লেনদেন বিষয়ে রিপোর্টিং জোরদারের আহ্বান জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে পাচার করা অর্থ উদ্ধার, রিস্ক বেইজড সুপারভিশন, ঋণ জালিয়াতি, ক্যাপিটাল ফ্লাইট প্রতিরোধ ও মিউচুয়াল ইভ্যাল্যুশন বিষয়ে উপস্থাপনা দেওয়া হয়। পাশাপাশি বেনামি প্রতিষ্ঠান, ভুয়া জামানত, ফান্ড ডাইভারশন ও ইচ্ছাকৃত খেলাপির ঝুঁকি মোকাবিলায় গ্রাহকের তথ্য যাচাই, লেনদেন পর্যবেক্ষণ এবং সময়মতো এসটিআর/এসএআর রিপোর্টিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।