করপোরেট সুশাসনের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭টি কোম্পানিকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। মোট ১২ শ্রেণিতে প্রতিষ্ঠানগুলোকে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১ পুরস্কার দেওয়া হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির সভাপতি মোহাম্মদ আসাদ উল্লাহ।
২০২১ সালের সামগ্রিক করপোরেট সুশাসন মানদণ্ড অনুসারে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১২ শ্রেণিতে ৩৭টি কোম্পানিকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেওয়া হয়েছে। এ নিয়ে নবমবারের মতো এ পুরস্কার দিয়েছে আইসিএসবি।
আয়োজকেরা জানিয়েছেন, সাধারণত দেশি–বিদেশি যেসব প্রতিষ্ঠান করপোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসন মেনে চলে, সেসব প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা কতটা করপোরেট শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রেখেছে ইত্যাদি বিষয় মূল্যায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘জিডিপি, মাথাপিছু আয়সহ বিভিন্ন খাতে আমাদের প্রবৃদ্ধি বাড়ছে। এটা সম্ভব হয়েছে মূলত বেসরকারি খাতের জন্য। এ কারণে সরকার বেসরকারি খাতের বিকাশে অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে।’ কোম্পানিগুলোর উদ্দেশে তিনি বলেন, সরকার বিভিন্ন নীতি গ্রহণের মাধ্যমে বেসরকারি খাত ক্ষমতায়িত করছে। তবে এই ক্ষমতা দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে হবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের দেশে বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে। এর পেছনে অগ্রগামী ভূমিকা রাখছে বেসরকারি খাত। সুতরাং তাদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সুশাসন থাকা জরুরি।’
বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘সরকারের ব্যবসা সহজীকরণ নীতির কারণে আমাদের কোম্পানিগুলো দেশ-বিদেশে বিস্তৃত হচ্ছে। তবে একই সঙ্গে কোম্পানিগুলোর সুশাসন ও কমপ্লায়েন্স নিয়েও বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। সুতরাং বিশ্ববাজারে ব্যবসা করতে হলে অবশ্যই কোম্পানিগুলোকে জবাবদিহি ও স্বচ্ছতার চর্চা করতে হবে।’
আইসিএসবির স্বর্ণপদক পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—ইস্টার্ণ ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিকস, ম্যারিকো বাংলাদেশ, ইউনাইটেড পাওয়ার ও ইস্টার্ন হাউজিং। এর বাইরে ২৪টি প্রতিষ্ঠান রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে।