চট্টগ্রামের মা ও শিশু ক্যানসার হাসপাতালকে আইডিএলসির অনুদান
চট্টগ্রাম ক্যানসার হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটকে অত্যাধুনিক কেমোথেরাপি ইউনিট স্থাপনে এক কোটি টাকা অনুদান দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স। সোমবার হাসপাতাল ভবনে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুদান দরিদ্র রোগীদের ক্যানসারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পেতে সহায়তা করবে।
আইডিএলসি আগ্রাবাদ শাখার প্রধান এন এম জাহিদ হোসেন ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদ সমঝোতা স্মারকে সই করেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ২০২০ সালে চট্টগ্রামে একটি ১০০ শয্যাবিশিষ্ট ক্যানসার হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। হাসপাতাল স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থসহায়তায় সমাজের সাধারণ মানুষের পাশাপাশি এগিয়ে এসেছেন সংস্থাটির আজীবন সদস্যরা। আইডিএলসির এই অনুদানে ২০ শয্যাবিশিষ্ট কেমোথেরাপির সুবিধা স্থাপন করা হবে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘চট্টগ্রাম মা ও শিশু ক্যানসার হাসপাতাল স্থাপনে অবদানের জন্য আমরা আইডিএলসি ফাইন্যান্সের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই, আমাদের কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কেমোথেরাপি ইউনিটের নামকরণ করা হবে আইডিএলসি।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আইডিএলসি সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় সব সময় সক্রিয় ভূমিকা রেখেছে।