পরিবেশবান্ধব কর্মপরিবেশের জন্য এলইইডি প্লাটিনাম সনদ পেল সিনট্যাক্স মার্ট

পরিবেশবান্ধব অবকাঠামো ও টেকসই ব্যবস্থাপনায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সিনট্যাক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিনট্যাক্স মার্ট। বিদ্যুৎ, গ্যাস ও পানির দক্ষ ব্যবহার নিশ্চিত করা, জ্বালানির সাশ্রয়ী অবকাঠামো গড়ে তোলাসহ পরিবেশবান্ধব কর্মপরিবেশ তৈরির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ এলইইডি প্লাটিনাম সনদ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অর্জনের কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ স্বীকৃতি পেতে মোট ৯০ পয়েন্ট অর্জন করতে হয়েছিল সিনট্যাক্স মার্টকে। সম্প্রতি সিনট্যাক্স গ্রুপের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিনট্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উজ ইসলাম শাহরিয়ার প্রতিষ্ঠানের পক্ষে সনদ গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, এ অর্জন শুধু একটি সনদ নয়, এটি সিনট্যাক্সের সাসটেইনেবল জিরো প্রোগ্রামের লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে। এ কর্মসূচির মাধ্যমে সিনট্যাক্স শূন্য কার্বন নিঃসরণ, বৃষ্টির পানি অপচয়শূন্য, রাতের আলোকদূষণ–শূন্য এবং ‘হিট আইল্যান্ড’–শূন্য প্রভাব অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে।

রিয়াজ উজ ইসলাম শাহরিয়ার আরও বলেন, টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়নের মাধ্যমে সিনট্যাক্স ভবিষ্যতেও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে। বৈশ্বিক জলবায়ু লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সবুজ ও সহনশীল বাংলাদেশ গঠনে অবদান রাখবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সোহাগ মুনিশি, অরবিন্দ কর্মকার, মুনওয়ার আনজুম রিফাত, নাবিহা তাহসিন নোহা, আবু সাদিক, সোহেল রানা, ফয়েজ আহমেদ প্রমুখ।