আকিজের পণ্যে ছাড় পাবেন ভাইয়া গ্রুপের গ্রাহকেরা

আকিজ সিরামিকস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) মোহাম্মদ আশরাফুল হক এবং ভাইয়া হাউজিং লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) দেওয়ান মশিউর রহমান সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে সই করেনছবি: আকিজবশির গ্রুপ

গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের বিল্ডিং ম্যাটেরিয়াল তথা নির্মাণসামগ্রী আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভাইয়া গ্রুপের সঙ্গে একটি কৌশলগত সমঝোতা চুক্তি সই করেছে আকিজবশির গ্রুপ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজবশির গ্রুপ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই চুক্তির আওতায় ভাইয়া গ্রুপের গ্রাহকেরা আকিজবশির গ্রুপের প্রিমিয়াম এম্পোরিয়াম ‘সিলেকশন্স’–এর রাজধানীর বনানী ও বাংলামোটর শাখায় বিশেষ মূল্যছাড় ও সেবা পাবেন।

আকিজ সিরামিকস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) মোহাম্মদ আশরাফুল হক এবং ভাইয়া হাউজিং লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) দেওয়ান মশিউর রহমান সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিতে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আকিজবশির গ্রুপের এবিজি রয়্যাল ক্লাব লয়্যালটি প্রোগ্রামের আওতায় পরিচালিত হবে এই অংশীদারত্ব। এর মাধ্যমে ভাইয়া গ্রুপের গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই সুবিধার আওতায় রয়েছে আকিজবশির গ্রুপের প্রিমিয়াম টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, গ্লাস, বোর্ড, ডোরসহ আধুনিক নির্মাণের প্রয়োজনীয় বিভিন্ন বিল্ডিং ম্যাটেরিয়াল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চুক্তির ফলে ভাইয়া গ্রুপের গ্রাহকেরা আকিজবশির গ্রুপের প্রিমিয়াম পণ্য ও সেবা সহজে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।