চট্টগ্রামে বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘পুমা’
বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘পুমা’। ১২ জানুয়ারি নগরীর লালখান বাজারে আউটলেটটির উদ্বোধন করা হয়। এটি বাংলাদেশে পুমার চতুর্থ আউটলেট।
দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী ডিবিএলের মাধ্যমে ২০১৯ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে জার্মানির খ্যাতনামা ব্র্যান্ডটি।
চট্টগ্রামে পুমার আউটলেটটি উদ্বোধন করেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদেরসহ ডিবিএল এবং পুমা ব্র্যান্ডের শীর্ষ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে সাকিব আল হাসান বলেন, ‘পুমার মতো বিশ্বমানের ব্র্যান্ড চট্টগ্রামে যাত্রা শুরু করেছে—এটা চট্টগ্রামবাসীর জন্য খুবই আনন্দের ব্যাপার। আমি মনে করি, আমার মতো তাঁরাও পুমা ব্র্যান্ডের পণ্যগুলো পছন্দ করবেন।’
ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, ‘ঢাকার পর চট্টগ্রামের প্রাণকেন্দ্র লালখান বাজারে পুমার আউটলেট চালু করতে পেরে আমরা আনন্দিত। দেশের মানুষকে আন্তর্জাতিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের অভিজ্ঞতা দেওয়ার যে ইচ্ছে, সে লক্ষ্যে হাঁটছে ডিবিএল। পর্যায়ক্রমে দেশের অন্য শহরগুলোতেও পুমার আউটলেট চালু করার পরিকল্পনা আছে আমাদের।’
চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত এই স্টোরে পুমার নানা রকম জুতা, টি-শার্ট, পোলো শার্ট, ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগ, হ্যান্ড ব্যাগ, জ্যাকেট, ক্যাপ, ট্রাউজার, ওয়াটার বোতল ইত্যাদি পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, রুডলফ ড্যাজলার নামের এক জার্মান ১৯৪৮ সালে পুমা ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ১২০টির বেশি দেশে জনপ্রিয়তা আর সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে পুমা।