অত্যাধুনিক প্রযুক্তি সুবিধাসমৃদ্ধ নান্দনিক ও আরামদায়ক গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ের ট্রেন্ড হাইব্রিড গাড়ি। এই গাড়ি যেমন তেলসাশ্রয়ী, তেমন চলতেও আরামদায়ক। নান্দনিক ও অসাধারণ নকশার হাভাল জলিয়ন এইচইভি গাড়ি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।গাড়িটির লাইট থেকে শুরু করে প্রতিটি অংশের ডিজাইনে রয়েছে বৈচিত্র্য। হাইব্রিড ইলেকট্রিক গাড়ির আসল মজাটাই পাওয়া যায় ঢাকার মতো জনবহুল শহরে। এ ছাড়া হাইওয়ে ও গ্রামের দিকের রাস্তাতেও এ গাড়িতে চলাচল বেশ আরামদায়ক।

হাভাল জলিয়ন এইচইভি হাইব্রিড গাড়িটি বাংলাদেশের প্রথম লিথিয়াম আয়ন হোল্ডার। গাড়িটি এমনভাবে তৈরি যাতে রাস্তায় চলার সময় গাড়ির ভেতরে সূর্যের আলো প্রবেশ করে। রাস্তায় কোনো সিগন্যালে দাঁড়ালে গাড়ি ‘অটোস্টপ’ নামে একটি সুইচের মাধ্যমে বন্ধ করে দেওয়ার সুযোগ আছে। পুরো গাড়িটি হাইব্রিড হওয়ার কারণে ফিউল কনজাম্পশনটা কমে যায়। ফলে আপনি যদি ১০০ কিলোমিটার গাড়ি চালান তাহলে আপনার জ্বালানি ব্যবহার (কনজাম্পশন) চলে আসবে ৩০ কিলোমিটারে।

হাভাল জলিয়ন এইচইভির আরও একটি বড় সুবিধা হলো, হাইওয়ের লাইন সুবিধা। হাইওয়েতে ওঠার পর লাইন সুইচটা চালু করে দিতে পারেন। এর ফলে নিজের লেনে না থেকে অন্য লেনে চলে গেলে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে। এবং লাইন অমান্য করার ফলে স্টিয়ারিং নিজেই চালককে সঠিক লেনে ফিরিয়ে আনবে। চাইলে আপনি লেনের সুইচ চালু করে করে দুই আঙুল দিয়েও গাড়ি ড্রাইভ করতে পারবেন।

হাইওয়েতে এই গাড়ির সর্বোচ্চ গতি তোলা যায় ঘণ্টায় ১৪০ কিলোমিটার। তবে সাধারণত গতি ৮০ কিলোমিটারে চলাই নিরাপদ। সুইচের মাধ্যমে গতিসীমা নির্দিষ্ট একটা সীমায় (৮০ কিলোমিটার) রাখার সুবিধা রয়েছে গাড়িটিতে। এর ফলে আপনি গাড়ির গতি যতই বাড়াতে চান না কেন, ৮০ কিলোমিটারের বেশি উঠবে না। এর বেশি গতিতে চালাতে চাইলে অপশনটি বন্ধ করে দিতে হবে। হাভাল জলিয়নের অন্যতম একটি সুবিধা হলো, গাড়ি চালানো অবস্থায় মুঠোফোন হাতে বা কানে না নিয়েই স্পিকারের মাধ্যমে চালক কথা বলতে পারবেন। নতুন এ প্রযুক্তির মাধ্যমে গাড়ির সঙ্গে আপনার ফোন সংযুক্ত করার সুযোগ রয়েছে।

যাঁরা মাইলেজকে বেশি গুরুত্ব দেন, তাঁদের জন্য এই গাড়ি যথাযথ, যা প্রতি লিটারে শহরের মধ্যে ১৫ কিলোমিটার আর হাইওয়েতে ২০ থেকে ২২ কিলোমিটার। গাড়িটি রাস্তায় দীর্ঘ সময় চললেও ক্লান্তি নয়, আরামদায়ক অনুভূতি উপভোগ করবেন চালক।
হাভাল জলিয়ন এইচইভির হেডলাইটগুলো এলইডি। ফলে গাড়িটি চালানোর সময় সামনের দৃশ্য স্পষ্টভাবে দেখতে পাবেন। লাইটগুলোর চমৎকার সেটিং গাড়িটিকে দিয়েছে ‘নিউ লুক’।

এই গাড়ির ১ দশমিক ৫ লিটার হাইব্রিড ইঞ্জিন, যাতে আছে লিথিয়াম আয়ন। লুকিং গ্লাস বেশ লম্বা। গাড়ির সামনে ও পেছনের চাকার রিম সাইজ সমান, ১৮ ইঞ্চি। গাড়িটির চাকার অন্যতম বৈশিষ্ট্য হলো, আপনি চাইলে ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতেও চলতে পারবেন।

পেছনে তিনটি এলইডি ভিশন লাইট থাকার কারণে তিনটি সেনশন রয়েছে। গাড়ির পেছনের দিকে যদি কাছাকাছি কোনো ব্যক্তি বা বাহনজাতীয় কিছু আসে, গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। গাড়িটির পেছনের অংশের ট্রাংক বেশ প্রশস্ত জায়গা নিয়ে। ফলে প্রয়োজনীয় জিনিসপত্রসহ গাড়ির যন্ত্রপাতি রাখা যাবে অনায়াসে।

হাভাল জলিয়ন এইচইভির সামনের অংশ বেশ কার্যকরভাবে সাজানো, যাতে প্রয়োজনীয় সবকিছুই রয়েছে স্টিয়ারিংয়ের নাগালের মধ্যে। হাতের বাঁ পাশে ইনডিগেটর। সামনের ডিসপ্লেটা বেশ বড় ও স্বচ্ছ। বিভিন্ন লাইটের জন্য রয়েছে আলাদা আলাদা সুইচ। সানগ্লাস এবং কোট রাখার জন্য গাড়ির মধ্যে আলাদা জায়গা রয়েছে। সামনে রয়েছে ‘টাচ ডিসপ্লে’, যেটিতে নিজের চাহিদামতো অ্যাপস ব্যবহার করা যায় এবং ডিসপ্লেতে গাড়িটি দেখা যায় ৩৬০ ডিগ্রিতে।

মজার বিষয় হলো, গাড়িটির সামনের অংশে রয়েছে একটা ওয়্যারলেস চার্জার। যাতে মুঠোফোনটি রেখে দিলেই চার্জ হবে। অটোমেটিক সুইচের পাশাপাশি ব্যবহারের সুবিধার জন্য রয়েছে কিছু ম্যানুয়াল সুইচও।

গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় দিক—পেছনের সিটের অংশটি। চমৎকার ডিজাইনের সিটগুলোতে বসার পরও পর্যাপ্ত জায়গা ফাঁকা থাকবে। ফলে আরাম করে পেছনের সিটে বসা যায়। দুই সিটের মাঝখানে রয়েছে দুটো কাপ রাখার জায়গা, যেটা ব্যবহার শেষে তুলে রাখলে তিনজন বসা যায় অনায়াসেই। পেছনের সিটে বসেই নিয়ন্ত্রণ করতে পারবেন সামনের অংশে থাকা এসি। রয়েছে চার্জিং পোর্টও।

ইসিও, স্পোর্টস, নরমাল ও স্লো—এই চার মডে চালানো যায় গাড়িটি। তাই অত্যাধুনিক প্রযুক্তি-সুবিধাসমৃদ্ধ নান্দনিক হাভাল জলিয়ন এইচইভি গাড়িটিতে পরিবারসহ করতে পারবেন আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ।