রেড ক্রিসেন্টকে ইবিএলের সহায়তা 

দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অর্থ সহায়তা দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘মা ও শিশুর স্বাস্থ্যসেবার মান উন্নয়ন’। এক বছর ধরে চলা কর্মসূচিতে প্রায় ১৫ হাজার মা, শিশু ও বয়স্ক মানুষ উপকৃত হবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। 

সম্প্রতি রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এই লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় ইস্টার্ন ব্যাংকের প্রশাসন বিভাগের প্রধান মো. আব্দুস সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কবির এম আশরাফ আলমের হাতে সহায়তার চেক হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক আরিফা মেহেরা সিনহা এবং ব্লাড প্রোগ্রামের পরিচালক শাহানা জাফরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বিজ্ঞপ্তিতে ইস্টার্ন ব্যাংক জানায়, এই উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ, প্রত্যন্ত ও দুর্যোগপ্রবণ এলাকায় মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হবে। কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে রেড ক্রিসেন্ট পরিচালিত চারটি গ্রামীণ মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে সেবার মান উন্নয়নে ব্যয় করা হবে সহায়তার অর্থ।