ব্র্যাক ব্যাংকের নারী বিক্রয়কর্মীদের সফলতা

ব্র্যাক ব্যাংকের রিটেইল ও এসএমই বিভাগের আওতাধীন বিক্রয় বিভাগের নারী কর্মীরা দক্ষতা দেখিয়ে নিজেদের প্রতিষ্ঠানের সেরা পারফরমারদের পর্যায়ে নিয়ে গেছেন। বর্তমানে এই ব্যাংকের বিক্রয় বিভাগে অন্তত ২০০ নারী কর্মকর্তা কাজ করছেনছবি: ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা বিক্রির কাজে প্রতিষ্ঠানের নারী কর্মীরা বেশ দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন। বদৌলতে তাঁরা নিজেদের সেরা পারফরমারদের পর্যায়ে নিয়ে গেছেন। বর্তমানে এই ব্যাংকের রিটেইল ও এসএমই বিভাগের অধীন বিক্রয় বিভাগে অন্তত ২০০ নারী কর্মকর্তা কাজ করছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় সেলস টিম পরিচালনা করছে ব্র্যাক ব্যাংক।

রিটেইল বিক্রয় বিভাগের শাহিদা খানম বলেন, ব্র্যাক ব্যাংক নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়নে আলাদা মনোযোগ দেয়। ফলে পারফরম্যান্সও ভালো হয়। আরেক বিক্রয় কর্মকর্তা কনিকা আক্তারের মতে, নারীদের প্রচেষ্টার পাশাপাশি ব্র্যাক ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি কর্মীদের কাজকে আরও সহজ করে দেয়।

ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘প্রতিষ্ঠার সময়েই আমাদের লক্ষ্য ছিল, আমরা নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যথাযথ প্রশিক্ষণ ও আন্তরিক সহায়তা দিয়েছি। এর ফলে এখন আমাদের এই টিমের নারীরা ভালো ফলাফল নিয়ে আসছেন।’

এসএমই বিভাগের ঊর্ধ্বতন বিক্রয় কর্মকর্তা উম্মে হাবিবা বলেন, ‘সহকর্মীদের কাছে থেকে আমরা নিয়মিত কাজের মূল্যায়ন ও স্বীকৃতি পাই, এটা আমাদের উৎসাহ বাড়িয়ে দেয়। এ ছাড়া এখানে আমরা কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা পাই। ফলে কাজটাকে বোঝা মনে হয় না।’

এ ছাড়া ব্যাংকের রিটেইল বিক্রয় বিভাগের কর্মকর্তা জেবিন আক্তার মৌসুমী ও জান্নাতুল ফেরদৌস ব্যাংকের সহযোগিতার প্রশংসা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে নারীদের জন্য ‘তারা ফোরাম’ নামের একটা আলাদা প্ল্যাটফর্ম গঠন হয়েছে, যেখানে নারীরা তাঁদের যেকোনো সমস্যা বা অভিযোগ জানাতে পারেন।’